অতি দরিদ্রদের প্রকল্পের শ্রমিক বিত্তশালীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনতাজ বিশ্বাস এলাকায় ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ধান, চাল ও হলুদের ব্যবসা করেন। এলাকায় নিজস্ব জমি রয়েছে ১৫ বিঘারও বেশি। কিন্তু তিনি বর্তমানে ‘অতিদরিদ্র মানুষ’। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় উপজেলার দাইড়পাড়া কেন্দ্রীয় ঈদগার মাটি ভরাট ও সংস্কার প্রকল্পে তিনি শ্রমিক হিসেবে দৈনিক ১২০ টাকা হাজিরা নিচ্ছেন। তবে তাঁকে কোনো মাটি কাটতে হয় না। এভাবে হাজিরা নিচ্ছেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও এলাকার বিত্তশালী মকছেদ আলী।শুধু ছলিমপুরে নয়, উপজেলার সাতটি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা উপেক্ষা করে অতিদরিদ্রদের জন্য বরাদ্দের টাকা স্থানীয় অবস্থাপন্নরা শ্রমিক সেজে তুলে নিচ্ছেন। অভিযোগের বিষয়ে মনতাজ বিশ্বাস বলেন, ‘তাঁর মতো নেতা কাজের সাইডে থাকলে কাজের মান ভালো হবে। শ্রমিকেরা কাজে উৎসাহ পাবে।’ মকছেদ আলী বলেন, কাজের মান যাচাই ও কাজ বুঝে নেওয়ার জন্য তিনি এই প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, ১০ মার্চ থেকে ৪০ দিনের এই প্রকল্পে উপজেলার সাতটি ইউনিয়নের এলাকার অতিদরিদ্র কর্মহীনদের জন্য এক কোটি ছয় লাখ আট হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পিআইও রবিউল আওয়াল জানান, ওই বরাদ্দ দিয়ে ৬৩টি প্রকল্প নেওয়া হয়েছে। প্রত্যেক ইউনিয়নে প্রকল্প প্রধান হিসেবে একজন করে সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার নিয়ন্ত্রণে নয় সদস্যের কমিটি করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের রাখা হয়েছে।উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে জানা গেছে, প্রকল্পের বিভিন্ন কাজে নিয়জিত অতিদরিদ্রদের পরিবর্তে অবস্থাসম্পন্ন মানুষকে দিয়ে কাজ করানো হচ্ছে। কমপক্ষে ৪০ ঘনফুট মাটি কাটার কথা থাকলেও কোথাও সাত থেকে আট ঘনফুটের বেশি মাটি কাটা হচ্ছে না। শ্রমিকদের হাজিরা খাতা, তাদের পরিচিতি বা কাজে যোগদানের পরিচয়পত্র ও নামের তালিকা কাজের এলাকায় সার্বক্ষণিক রাখার কথা থাকলেও কোথাও তা পাওয়া যায়নি। বুধবার দাশুড়িয়া ইউনিয়নে বাকি মেম্বারের বাড়ির সামনের রাস্তায় মাটি কাটা একটি প্রকল্পে ৩৪ জন শ্রমিকের পরিবর্তে মাত্র ১৪ জনকে পাওয়া যায়। এ কাজের সরদার কলম শেখ জানান, ১০ মার্চ থেকে তাঁরা নিয়মিত এখানে কাজ করছেন। তবে কোনো শ্রমিকই সাত ঘনফুটের বেশি মাটি কাটেনি। তবে পিআইও দাবি করেন, তিনি কোনো ইউনিয়ন থেকে এ ধরনের কোনো অনিয়ম পাননি। কাজের ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অতিদরিদ্রদের পরিবর্তে যদি কোনো বিত্তশালী এই কাজে জড়িত হন, তবে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।কর্মসূচির প্রধান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির জানান, কাজের ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাজে তদারকি জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।