
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পুনরায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অবিলম্বে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অতি দ্রুত সংলাপে বসে নির্দলীয় সরকারের অধীনে অতি দ্রুত নির্বাচন দিন।’
গতকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত গণসমাবেশ ও শোভাযাত্রায় খালেদা জিয়া এই আহ্বান জানান। তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নয়, অস্ত্রের জোরে ক্ষমতায় আছে। এটা বেশি দিন চলবে না।
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় দেশবাসীকে ‘অভিনন্দন ও ধন্যবাদ’ জানাতে এই শোভাযাত্রা ও গণসমাবেশের আয়োজন করা হয়। খালেদা জিয়া তাঁর বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হলো যে গায়ের জোরে সব করা যায় না।
বর্তমান সরকারকে ‘সম্পূর্ণ অবৈধ’ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, ‘এ সংসদে কতগুলো সং বসে থাকবে, যারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তা-ও আবার বিরোধী দলবিহীন সংসদ।’ তিনি পতন না হওয়া পর্যন্ত ‘অবৈধ সরকারের’ বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নির্দলীয় সরকারের দাবিতে সর্বশেষ গত বছরের ২৫ অক্টোবর খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলের জনসভায় বক্তব্য দেন। প্রায় তিন মাস পর গতকাল তিনি দলীয় সমাবেশে বক্তৃতা করেন। দলীয় চেয়ারপারসনের বক্তব্য শুনতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন। ব্যানার-ফেস্টুন নিয়ে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দীর সমাবেশে অংশ নেন। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশের অংশের মাঝামাঝি জায়গায় তৈরি করা হয় মঞ্চ।
খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনের কড়া সমালোচনা করেন। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযানের নামে নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বিএনপির কারাবন্দী নেতাসহ ‘সব রাজবন্দীর’ মুক্তির দাবি করেন।
এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া একাধিকবার সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান। দাবি করেন নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আসুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশের মানুষকে শান্তি দিই। দেশপ্রেমিক হয়ে থাকলে জুলুম না চালিয়ে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবেন।’
বিএনপির চেয়ারপারসন বলেন, বিদেশিরাও ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণ করেনি। তাই বিদেশি বিনিয়োগও আসবে না। সাহায্যও কমে যাবে। প্রত্যেকে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের কথা বলেছেন। না হলে সংকট আরও বাড়বে। তিনি বলেন, দেশে শান্তি, স্বস্তি ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এখন প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন। এ জন্য প্রয়োজন অতি দ্রুত আলোচনা।
সংখ্যালঘু নির্যাতনে সরকারি দল জড়িত: খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে। বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছে। এর সঙ্গে জড়িত সরকারি দলের লোকজন। তারা ধরা পড়লেও প্রচার করা হচ্ছে না। সরকার ব্যর্থ হচ্ছে তাদের নিরাপত্তা দিতে। একটা কাজ করলে সেটা ঢাকা দেওয়ার জন্য আরেকটা কাজ শুরু করছে। একদিন এর জবাব দিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সাতক্ষীরায় অভিযান নিয়ে সন্দেহ: সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ‘আদৌ যৌথ বাহিনী’ এবং বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, কীভাবে মানুষকে নির্যাতন করেছে। আদৌ যৌথ বাহিনী ছিল কি না, সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। বাংলাদেশের পুলিশ ও অন্য বাহিনী এত নিষ্ঠুর হবে, এটা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। তাদের কাজকর্ম দেখে মনে হয় না সার্বভৌমত্ব অটুট আছে। ৪২ বছর পর আবার স্বাধীনতা হারাতে বসেছি। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধা যাঁরা বেচে আছেন, তাঁরা তো এ দৃশ্য দেখার জন্য বেঁচে নেই।’ গাইবান্ধায় যৌথ বাহিনীর হামলা নিয়েও তিনি একই রকম সংশয় প্রকাশ করেন।’

মন্ত্রীদের সম্পদের হিসাব নিয়ে রাখুন: বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ মইনুদ্দিন-ফখরুদ্দীনের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। বহুবার সংবিধান সংশোধন করেছে। এখন বলছেন, সংবিধান থেকে এক চুলও নড়ব না। এক চুল কেন? বহু হাত নড়ে গেছেন। এখন আর এসব কথা মানায় না। তিনি অভিযোগ করেন, টেন্ডারবাজি, জমি দখল—সব করছে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো।
খালেদা জিয়া বলেন, ‘আপনাদের দু-একজন বাদে সব উপদেষ্টার নামে অনেক কথা শোনা যায়। আর নতুন মন্ত্রীদের নামেও অনেক অভিযোগ আছে। এখন এই মন্ত্রীদের সম্পদের হিসাব নিয়ে রাখুন।’ তিনি বলেন, ‘বিদেশে টাকা পাচার করছেন আপনারা। কে, কত টাকা পাচার করছে, সেই তথ্য আমাদের কাছে আছে।’
এরশাদের ঋণ শোধ: খালেদা জিয়া বলেন, এরশাদকে নাকি বন্দী করা হয়েছে। অথচ তিনি গলফ খেলছেন। শেখ হাসিনা ও এরশাদের এ ঘটনা ছিল নাটক। তিনি বলেন, দেশের মানুষ এটা বোঝে। পাতানো খেলা তারা আগেই বুঝেছে। দুই স্বৈরাচার এক হয়ে এখন দেশকে গিলতে বসেছে। তিনি বলেন, ১৯৮৬ সালে এরশাদের একতরফা নির্বাচনে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। সেবার এরশাদ রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা হয়েছিলেন। এবার তার উল্টোটা হয়েছে। এর মাধ্যমে এরশাদ ঋণ শোধ করেছেন।
খালেদা জিয়া সরকারকে বলেন, ‘ইনকিলাব বন্ধ করলেন কেন? তারা পত্রিকায় যেটি ছাপিয়েছে, সেটা আগেই ওয়েবসাইট, ফেসবুক ও অনলাইনে এসেছে। সঠিক ব্যাখ্যা না দিয়ে কাগজ বন্ধ করে দিয়েছেন। এর আগে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশ ও এর নির্দোষ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছেন।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, জাতীয় পার্টির (জাফর) প্রধান কাজী জাফর আহমদ, ১৮-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।