অতি মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটায় নিউওয়ে বাংলাদেশ নামের একটি বহু স্তর বিপণন (এমএলএম) প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেয়ার বিক্রির নামে দুই লাখের অধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতারিত ব্যক্তিরা টাকা উদ্ধারে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। এ নিয়ে সাঘাটা থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ও প্রতারিত ব্যক্তিরা জানান, নিউওয়ের সাঘাটা উপজেলার কর্মকর্তা সিরাজুল ইসলাম শেয়ার বিক্রির কথা বলে গত জুনে উপজেলার বসন্তের পাড়া গ্রামের ৪০ জন নারী-পুরুষের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার ২০০ টাকা করে দুই লাখ আট হাজার টাকা আদায় করেন। প্রতি সপ্তাহে এক হাজার ৪০০ টাকা মুনাফা দেওয়ার কথা বলা হলেও গত ছয় মাসেও কেউ টাকা পাননি। এ নিয়ে প্রতারিত ব্যক্তিরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।প্রতারণার শিকার বসন্তের পাড়া গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, সিরাজুলের কথায় বিশ্বাস করে ছাগল বিক্রি করে পাঁচ হাজার ২০০ টাকার শেয়ার কিনে তিনি নিউওয়ের সদস্য হয়েছেন। প্রতি সপ্তাহে এক হাজার ৪০০ টাকা দেওয়ার কথা থাকলেও ছয় মাসে তিনি কোনো টাকা পাননি। উল্টো চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তাঁকেসহ তিনজনকে আসামি করা হয়েছে। একই গ্রামের কৃষক মতিয়ার রহমান অভিযোগ করেন, পুলিশ তাঁদের মামলা না নিয়ে প্রভাবিত হয়ে সিরাজুল ইসলামের দেওয়া মিথ্যা মামলা নিয়েছে। আরেক সদস্য মোশারফ মিয়া বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। বরং মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ মামলা না নেওয়া ও প্রভাবিত হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতারিত ব্যক্তিদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে রেকর্ড করা হবে।নিউওয়ের কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সদস্য সংগ্রহ করার সময় শর্ত ছিল প্রত্যেককেই নতুন সদস্য সংগ্রহ করতে হবে। দুজন সদস্য সংগ্রহ করতে পারলে তাঁকে এক হাজার ৫০০ টাকা মুনাফা দেওয়া হবে। কিন্তু অভিযোগকারীরা শর্ত পূরণ করতে না পারায় মুনাফার সুযোগ পাননি। টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন, সদস্যদের টাকা ঢাকা অফিসে পাঠানো হয়েছে। তাই তাঁর পক্ষে সেই টাকা ফেরত দেওয়ার সুযোগ নেই। তবে নতুন সদস্য সংগ্রহ করতে না পারলেও প্রত্যেক সদস্য আট বছর পর মুনাফাসহ সর্বমোট ৪৫ হাজার টাকা ফেরত পাবেন।সাঘাটার ইউএনও মোরশেদ আলম এ বিষয়ে বলেন, নিউওয়ে কোন অনুমতি ছাড়াই এখানে তাদের কার্যক্রম চালাচ্ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে।