অতি লোভই কাল হলো মাহবুবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তার পরিচয়ে বিয়ে করে নাটোর শহরের শ্বশুরবাড়িতে ভালোই কাটছিল মাহবুব আলমের (৩৮) দিন। পদোন্নতির কথা বলে শ্বশুরের কাছ থেকে কয়েক দফায় মোটা অঙ্কের টাকাও বাগিয়ে নেন তিনি। শেষমেশ অতি লোভই তাঁর কাল হয়ে দাঁড়ায়। সন্দেহবশে শ্বশুর স্থানীয় র্যাবের কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন মাহবুবের প্রতারণার বিষয়টি। গত সোমবার সেই র্যাবের হাতেই গ্রেপ্তার হন মাহবুব। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার আমিনপুর গ্রামে।পুলিশ জানায়, দুই সপ্তাহ আগে মাহবুব র্যাবের ক্যাপ্টেন পরিচয় দিয়ে নাটোর শহরের এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেন। চাকরিতে সমস্যা হবে—এ অজুহাত দেখিয়ে মাহবুব বিয়ের বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনকে গোপন রাখার অনুরোধ করেন। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই তিনি বাস করতে থাকেন। চাকরিতে পদোন্নতির অছিলা দিয়ে শ্বশুরের কাছ থেকে কয়েক কিস্তিতে তিনি সাড়ে ছয় লাখ টাকা নেন। একপর্যায়ে জামাতার চাকরি নিয়ে শ্বশুরের সন্দেহ হয়। গত সোমবার তিনি রাজশাহী র্যাবের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, মাহবুবের পরিচয় ভুয়া। বিষয়টি র্যাবকে জানানো হলে রাতেই শ্বশুরবাড়ি থেকে মাহবুবকে গ্রেপ্তার করে তারা সদর থানার পুলিশের কাছে সোপর্দ করে। মাহবুবের স্ত্রী ওই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।গতকাল মঙ্গলবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবকে নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মাহবুবের শ্বশুর অভিযোগ করেন, ‘তড়িঘড়ি করে বিয়ের অনুষ্ঠান করায় বরের বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি। সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে।’ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, জিজ্ঞাসাবাদে মাহবুব আলম পুলিশের কাছে ভুয়া পরিচয়ে এই বিয়ে করার কথা স্বীকার করেছেন।