অতি লোভে...
১০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় দুই চোর। চুরি করা স্বর্ণালংকার ভাগ করার সময় মনে পড়ে দামি কম্বলের কথা। আবার কম্বলটা চুরি করতে ফিরে যায় সেই ঘরে। এরপর ধরা পড়ে এক চোর। গতকাল শুক্রবার ভোররাতে নগরের বায়েজীদ থানার পশ্চিম শহীদ নগর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত টহল পুলিশ এক চোর ছালেহ আহমদ (২৫) ও তাঁর বোন কোহিনুর বেগমকে গ্রেপ্তার করে। পালিয়ে যেতে সক্ষম হন অন্য এক চোর। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে শহীদনগর এলাকার ৯ নম্বর সড়কের মোস্তফা মঞ্জিলে মোহাম্মদ করিমের বাসায় চুরির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে দুই চোর প্রায় ১০ ভরি ৯ আনা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।’ওসি শাইরুল আরও বলেন, ‘স্বর্ণ ভাগ করার সময় ওই বাসায় দেখা একটি দামি কম্বলের কথা মনে পড়ে দুই চোরের। কম্বল চুরির জন্য তারা আবার ওই বাসায় ফিরে যায়। এ সময় একজন ঘরে প্রবেশ করে। অন্যজন বাইরে অপেক্ষায় ছিল।’সেহিরর সময় হয়ে যাওয়ার এ সময় ঘরের বাসিন্দারা চোরের উপস্থিতি টের পায়। এ সময় তাঁরা ‘চোর চোর’ চিৎকার করতে থাকেন। তখন স্থানীয় জনতা চোরদের ধাওয়া করে। এলাকাবাসীর সহায়তায় এগিয়ে আসে টহল পুলিশ। গ্রেপ্তার করে ছালেহ আহমেদ নামের এক চোরকে। অন্য এক চোর পালিয়ে যান।এরপর সংলগ্ন বস্তিতে ছালেহর বাসায় অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। এ সময় চুরির স্বর্ণ জমা রাখায় কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।