অতিথি চিকিৎসকদের পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপ জেলা ভোলার হাসপাতালগুলোতে চিকিৎসকসংকট চলছে। এই সুযোগে বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রগুলো রমরমা ব্যবসা করছে। এসব স্থানে আসা অতিথি চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা ফি আদায় করছেন বলে জানা গেছে।ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার হাসপাতালটি দীর্ঘদিন ধরে ৫০ শয্যার লোকবল দিয়ে চলছে। ২২ জন চিকিৎসকের মধ্যে ১৬ জনই নেই। এক বছরের বেশি সময় ধরে এখানে অস্ত্রোপচার হয় না। জেলার সাত উপজেলায় ২১০ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ৫০ জন। অনেক উপজেলায় মাত্র একজন চিকিৎসক আছেন।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি শুক্রবার ঢাকা ও বরিশাল থেকে ভোলায় ১৫-১৮ জন চিকিৎসক আসেন। গত বছরও এসব অতিথি চিকিৎসকের ফি ৩০০ টাকা ছিল। এ বছর সেটা বাড়িয়ে ৪০০-৫০০ টাকা করা হয়েছে। অতিথি চিকিৎসকেরা ফি বাড়িয়ে দেওয়ায় ভোলায় চাকরিরত সরকারি চিকিৎসকেরাও ব্যক্তিগত রোগী দেখার ক্ষেত্রে তাঁদের ফি বাড়িয়েছেন।সিভিল সার্জন ফরিদ আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। উনি শিগগির কয়েকজন চিকিৎসক ভোলায় পাঠাবেন বলেছেন। তবে প্রাইভেট চিকিৎসকদের ফি নির্ধারণ করে দেওয়া উচিত। তাদের ভেতর মানবিকতা কমে গেছে।’ভোলা শহরে দুটি রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) ও দুটি বেসরকারি হাসপাতাল-কাম ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। গত শুক্রবার এই চারটি রোগনির্ণয় কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন বাইরের ১৫ জন চিকিৎসক প্রায় এক হাজার ৩০০ রোগী দেখেছেন। আর বিভিন্ন উপজেলার সরকারি চিকিৎসকেরা আরও প্রায় ৮২২ জন রোগী দেখেছেন। এই দুই হাজার ১২২ রোগীর ৮০ ভাগই গ্রাম থেকে আসা দরিদ্র, অসহায় মানুষ।শহরে চিকিৎসা নিতে আসা বোরহানউদ্দিনের আনোয়ারা বেগম, দেউলার কৃষক লুৎফুর রহমান, লালমোহন রমাগঞ্জের প্রান্তিক চাষি শাহজাদাসহ একাধিক রোগী জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক নেই বললেই চলে। সেখানে সঠিক চিকিৎসা না পেয়ে তাঁরা বাড়তি টাকা খরচ করে প্রাইভেট চিকিৎসকের কাছে যাচ্ছেন। সরকারি হাসপাতালে সঠিক সেবা পেলে ওই ফিয়ের টাকায় তাঁদের সারা মাসের খরচ হয়ে যেত।সপ্তাহে এক দিন ভোলার ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে বসে রোগী দেখেন চিকিৎসক এ আহসান। তাঁর ফি ৫০০ টাকা। তিনি বলেন, বাইরে থেকে এসে ভোলায় যে কজন চিকিৎসক রোগী দেখেন তাঁদের মধ্যে তিনি জ্যেষ্ঠ। কনিষ্ঠরা ৫০০ টাকা করে নিচ্ছে। তাই তিনিও নিচ্ছেন। অন্যদের দেখাদেখি ৫০০ টাকা ফি নেওয়ার কথা স্বীকার করলেন বরিশাল থেকে আসা চিকিৎসক এইচ এম সরকার। তিনি সিটি ডায়াগনস্টিক সেন্টারে বসেন।ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ আহাম্মেদ বলেন, চিকিৎসক না থাকলেও প্রতি মাসে আন্তবিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে প্রায় চার হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও জানান, প্রতি মাসে হূদেরাগে আক্রান্ত হয়ে কমপক্ষে ২০০ রোগী আসেন। কিন্তু ভোলায় কোনো কার্ডিওলজিস্ট নেই। নেই অবেদনবিদ। ফলে ভোলা সদর হাসপাতালে বছর খানেক কোনো অস্ত্রোপচার হচ্ছে না।দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া আর কোনো চিকিৎসক নেই। এ উপজেলার খায়েরহাটে ৩০ শয্যার হাসপাতালে ২০০০ সাল থেকে চিকিৎসক-সেবিকা কিছুই নেই। সেই খায়েরহাট এলাকার গঙ্গাপুরের বাসিন্দা আলাউদ্দিন (৬০) বুকের ব্যথা নিয়ে গত শুক্রবার ভোলা শহরে এসেছিলেন। চিকিৎসার জন্য ধার করে দুই হাজার টাকা এনেছিলেন তিনি। চিকিৎসকের ফি আর পরীক্ষা-নিরীক্ষা করাতেই তাঁর সব টাকা শেষ। ওষুধ কেনা তো দূরের কথা, খায়েরহাট যাওয়ার ভাড়াই তাঁর কাছে ছিল না সেদিন।ভোলা স্বার্থরক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক সামস উল আলম ও নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা। এখান থেকে যেকোনো জেলায় যেতে ৫-২৪ ঘণ্টা সময় লাগে। সন্ধ্যার পর কোনো যানবাহন থাকে না। নদীভাঙনকবলিত মানুষগুলোর জন্য ভোলা শহরে এসে চিকিৎসা করাই বিলাসিতা। সেই মানুষগুলোকে চিকিৎসকেরা চুষে খাচ্ছেন। তার পরও সরকার ভোলার হাসপাতালগুলোতে চিকিৎসক পাঠাচ্ছে না।