অতিথি না করায় সাংসদ-সমর্থকদের হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে প্রধান অতিথি করায় এবং স্থানীয় সাংসদকে অতিথি না করায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন৷ এ ঘটনায় জড়িত অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগদলীয় সাংসদ হাবিবর রহমানের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগেরই সাংসদবিরোধী পক্ষের নেতা-কর্মীদের এ সংঘর্ষ হয়৷ একাডেমির বর্ষপূর্তির অনুষ্ঠানে অতিথি না করায় ক্ষুব্ধ ছিলেন সাংসদ হাবিবর৷
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একাডেমির ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল ‘সবুজ উন্নয়নের চার দশক’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় জাতীয় পার্টির সাংসদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমানকে। এতে ক্ষুব্ধ আওয়ামী লীগের স্থানীয় সাংসদের সমর্থকেরা গত বুধবার রাতেই অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়ে মোটরসাইকেল মহড়া দেন।
একাডেমি সূত্র জানায়, অনুষ্ঠানে অংশ নিতে প্রতিমন্ত্রী মসিউর রাতেই একাডেমিতে আসেন। তিনি অতিথিশালায় ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাত থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালেই একাডেমির ফটকের সামনে সাংসদের সমর্থক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের চেষ্টা করেন৷ এতে পুলিশ বাধা দেয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সাংসদবিরোধী অংশের নেতা-কর্মীরা একাডেমির সামনে এসে সাংসদের লোকদের সরে যেতে বলেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। সাংসদ সমর্থকেরা একাডেমিতে হামলা চালান। তাঁরা একাডেমির ফটক ও একিট ভবনের দরজা-জানালা ভাঙচুর করেন। সংঘর্ষে সাংসদের পক্ষের বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুস সাত্তার, সদস্য নূরে আলম, গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম, শেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সুমন, শেরপুর শহর যুবলীগের সম্পাদক আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জেহাদুল ইসলাম ও শহর ছাত্রলীগের সম্পাদক আবদুল কুদ্দুস আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশও লাঠিপেটা করে এবং গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ইসলামকে আটক করে।
এই পরিস্থিতিতে একাডেমির অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়৷ প্রতিমন্ত্রী মসিউর অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব দ্রুত শেষ করে ঢাকার পথে রওনা হন। টেলিফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল মতিন প্রথম আলোকে বলেন ‘প্রতিমন্ত্রী মহোদয় যেভাবে চেয়েছেন, সেভাবেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমি কোনো আঞ্চলিক প্রতিষ্ঠান নয়। এটি জাতীয় প্রতিষ্ঠান। তাই স্থানীয় সাংসদ হলেই অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি করতে হবে, এমন কথা নেই। তবে তাঁকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। তিনি আসেননি।’
সাংসদ হাবিবর রহমান বলেন, ‘আমন্ত্রণপত্রে আমার নাম দেওয়া হয়নি বা আমাকে বিশেষ অতিথি করা হয়নি, তাতে কোনো আক্ষেপ নেই। প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। এ সবই একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালকের চক্রান্ত। তিনি কম্পিউটারে প্রিন্ট করা কাগজে অতিথি হিসেবে আমার নাম লেখা একটি আমন্ত্রণপত্র আমাকে দিতে আসেন। সেটি আমি নিইনি। এটি আমার জন্য অত্যন্ত অপমানজনক।’ সাংসদ বলেন, তাঁর লোকেরা একাডেমিতে অনুষ্ঠান পণ্ড করতে যাননি। ভারপ্রাপ্ত মহাপরিচালকের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করতেই তাঁরা সেখানে গিয়েছিলেন। মহাপরিচালকের লোকজন তাঁদের ওপর হামলা করেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘সাংসদকে বিশেষ অতিথি না করায় তাঁর অনুগত কিছু লোক একাডেমিতে হামলা করতে গেলে এলাকাবাসী তাঁদের প্রতিহত করেছেন। এই ঘটনার সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। সরকারি প্রতিষ্ঠানে একজন প্রতিমন্ত্রী অতিথি হয়ে এসেছেন, সরকারি দল হিসেবে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করার কথা। অথচ অতিথি না করায় সাংসদ উল্টো তাঁর লোকজন পাঠিয়ে অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছেন। এটা সাংসদের বাড়াবাড়ি।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাশমি বলেন, ‘শামসুল ইসলামের নেতৃত্বে লোকজন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এ কারণে শামসুলকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’