অতিথি পাখি রক্ষায় পরিবেশবান্ধব ব্যাগ

সিলেট নগরের কেন্দ্রস্থলের বন্দরবাজার এলাকার মোরগের হাটে চলে শীতের অতিথি পাখি বিক্রি। শীত মৌসুমকে সামনে রেখে সেখানেই গতকাল শনিবার পাখি সচেতনতার ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাখি বিক্রেতাদের দিয়ে ‘পাখির জন্য ভালোবাসা’ স্লোগানের কাগজের ব্যাগ উন্মোচন করা হয়। পরিবেশবান্ধব কাগজের ব্যাগের সঙ্গে পাখি রক্ষার সচেতনতামূলক ব্যাগ বন্দরবাজারে বিতরণ করা হয়।
শীতে অতিথি পাখি নিধনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ এই ব্যাগ তৈরি করেছেন সিলেটের ইতিহাস-সংস্কৃতি অনুরাগী দুই ব্যক্তি অরূপ কান্তি দাশ ও উজ্জ্বল চক্রবর্তী। এর আগে তাঁরা পরিবেশ সচেতনতায় ‘সেইভ রাতারগুল’, সিলেট নগরের সময়-সচেতনতার প্রতীক খ্যাত ঐতিহাসিক ‘আলী আমজদের ঘড়ি ঘরের ১৪০ বছর’ ছাপচিত্রের ব্যাগ তৈরি করেছিলেন। এবার তাঁরা শীতকে সামনে রেখে অতিথি পাখি রক্ষায় সচেতনতামূলক পরিবেশবান্ধব এই ব্যাগের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করলেন।
গতকাল বেলা একটার দিকে বন্দরবাজারের লালকুঠি সিনেমা হলের সামনে মোরগ বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক সভা হয়। পরে আনসার আলী নামের একজন গত বছর শীত মৌসুমে অতিথি পাখি বিক্রির কথা স্বীকার করলে তাঁকে দিয়েই উন্মোচন করা হয় ওই ব্যাগ। বিক্রেতা আনসার সরলভাবেই বলেন, শিকারিরা সরবরাহ করায় তিনি পাখি বিক্রি করতেন। মোরগ বিক্রির আড়ালে চলে পাখির কেনাবেচা। তবে এবার আর তিনি পাখি বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
সিলেটের সাংস্কৃতিক সংগঠন নগরনাট সভাপতি অরূপ কান্তি দাশ ব্যাগের নকশা করেছেন। জনসচেতনতায় প্রচারের দায়িত্বে রয়েছেন রুচিশীল পোশাক বিপণন ‘স্লোগান’-এর পরিচালক উজ্জ্বল চক্রবর্তী। ব্যাগের মোড়ক উন্মোচন আনুষ্ঠানিকতায় তাঁরা দুজন উপস্থিত হয়ে বলেন, ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ ও জনসচেতনতায় এ পর্যন্ত তাঁরা পরিবেশবান্ধব ছয়টি ব্যাগ তৈরি করেছেন। ভবিষ্যতে এই ধারা তাঁরা অব্যাহত রাখবেন বলে জানান।