অতিথি পাখির কলকলি হাকালুকি হাওরে

শীতে অতিথি পাখি আসে বাংলাদেশে। এরই মধ্যে শীতের পাখিতে মুখরিত হয়ে উঠেছে হাকালুকি হাওর। প্রতিবছর শীত মৌসুমে শীতপ্রধান দেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি আসে হাকালুকি হাওরে।
দেশের নানা প্রান্তের হাওর, বাঁওড়, বিল, হ্রদসহ অসংখ্য জলাশয় অতিথি পাখির স্বর্গরাজ্য। হাকালুকি হাওরে ছোট-বড়-মাঝারি সব মিলিয়ে ২৩৮টি বিল রয়েছে। তবে হাওরের বাইয়া, গজুয়া, হাওরখাল, রঞ্চি ও কলাপানি জলাশয়ে পাখির আধিক্য বেশি থাকে।
হাকালুকি হাওর কেবল দেশের সবচেয়ে বড় হাওর নয়, এটি এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাশয় হিসেবেও পরিচিত। এর আয়তন ১৮ হাজার ১১৫ হেক্টর। মৌলভীবাজার ও সিলেট জেলার পাঁচটি উপজেলাজুড়ে এর বিস্তৃতি। এর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৪০ শতাংশ, কুলাউড়া উপজেলায় ৩০ শতাংশ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৫ শতাংশ, গোলাপগঞ্জ উপজেলায় ১০ শতাংশ ও বিয়ানীবাজার উপজেলায় ৫ শতাংশ অংশ রয়েছে। এ হাওরে ছোট-বড়-মাঝারি সব মিলিয়ে ২৩৮টি বিল রয়েছে বলে জেলা তথ্য বাতায়নে উল্লেখ রয়েছে। তবে হাওরের বাইয়া, হাওরখাল, গজুয়া, রঞ্চি ও কালাপানি জলাশয়েই পাখির আধিক্য বেশি থাকে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
গত রোববার সকালে হাকালুকি হাওরে গিয়ে দেখা যায়, নানা রঙের পাখির কলকাকলিতে মুখর এলাকা। কিছু পাখি মাছ শিকার করছে। অনেক পাখি কুয়াশায় হাওরের বিভিন্ন জলাশয়ের পানিতে নানা কায়দায় কসরত করছে। কিছু পাখি লেজ দুলিয়ে পোকা খুঁটে খাচ্ছে।
স্থানীয় লোকজন জানান, এবার হাওরে বালিহাঁস, ভুতিহাঁস, গিরিয়া হাঁস, ল্যাঞ্জা হাঁস, গুটি ইগল, কাস্তেচড়া, কুড়া ইগল, সরালি, পানভুলানি, কালিম, টিটি, পেডিসহ অন্তত ১৫-২০ প্রজাতির পরিযায়ী পাখি এসেছে। তবে এর মধ্যে বালিহাঁস ও ভুতিহাঁসের সংখ্যা বেশি। তা ছাড়া সাদা বক, কানি বক, পানকৌড়ি, চিল, বাজসহ দেশীয় প্রজাতির নানা পাখি রয়েছে।

হাকালুকি হাওর-তীরবর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিপুর গ্রামের শাহাদাত হোসেন (৩৫) বলেন, হাওরে সকালে ও বিকেলে পাখিদের ওড়াউড়ি বেশি দেখা যায়। হাওরের সবখানে পাখিদের খাবার রয়েছে। তাই পাখিরা এক জায়গায় দল না বেঁধে বিচ্ছিন্নভাবে পুরো হাওরে অবস্থান করছে।
হাওরে কত প্রজাতির পাখি এসেছে, এর জরিপ করতে আগামী জানুয়ারি মাসে পাখিশুমারি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ন্যাচারাল রিসোর্চ ম্যানেজমেন্ট স্টাডির (সিএনআরএস) স্থানীয় মাঠ ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রতিবছর অক্টোবর মাসের শেষের দিকে হাকালুকি হাওরের পানি কমতে থাকে। নভেম্বরের প্রথম সপ্তাহে হাকালুকি হাওরে পানি শুকিয়ে গেলেই পরিযায়ী পাখিরা ভিড় জমায়।
আরও পড়ুন:
হাকালুকিতে পাখি সব করে রব