অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাকালুকি
হাকালুকি হাওরে চলতি মৌসুমে অনেক অতিথি পাখি এসেছে। পাখির কলকাকলিতে হাওর এলাকা মুখরিত হয়ে উঠেছে। তবে এখনো জরিপ না হওয়ায় কোন কোন প্রজাতির কত পাখি এসেছে, তা জানা যায়নি। মৌলভীবাজার ও সিলেট জেলার সাতটি উপজেলার প্রায় ৪০ হাজার হেক্টর এলাকাজুড়ে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ) হাকালুকি হাওর।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অতিথি পাখির মধ্যে হাঁসজাতীয় পাখি বেশি। অনেক পাখি তাঁরা চেনেন না। তবে কালেম পাখির সংখ্যা অনেক বেড়েছে। লাল ঠোঁট ও বেগুনি রঙের এ পাখিকে স্থানীয়ভাবে অনেকে ‘সুন্দরী পাখি’, আবার কেউ ‘কাইয়ুম পাখি’ নামে চেনেন। পরিবেশ অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বিগত বছরগুলোতে পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি বা কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট প্রজেক্ট) সহযোগিতায় হাকালুকি হাওরে পাখি জরিপ হয়েছে। কিন্তু গত বছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এখনো জরিপ হয়নি। পাখিসংক্রান্ত কোনো তথ্যও জানা যায়নি। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে বেশ কবার গোপনে বিষটোপ দিয়ে পাখি মারার ঘটনা ঘটেছে। তবে গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি বা ভিলেজ কনজারভেশন গ্রুপ) পাহারা থাকায় প্রকাশ্যে পাখি শিকারের ঘটনা ঘটছে না।বড়লেখার ভোলারকান্দি ভিসিজির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ বলেন, ‘প্রকল্পের মেয়াদ তো শেষ। কিন্তু হাওরে ভিসিজির নজরদারি আছে। স্থানীয় প্রশাসনও তৎপর আছে। পাখি শিকারের বড় কোনো ঘটনা ঘটছে না।’ পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ ও ইসিএর ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে এখনো গণনার কথা কেউ বলেনি। আগে প্রকল্প থেকে করা হতো। প্রকল্প না থাকায় জরিপের কথা জানা যায়নি।’বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা গাজী মোস্তফা কামাল বলেন, ‘একটি পাখি বিশেষজ্ঞ দল হাকালুকি হাওরে কিছুদিন আগে কিছু পাখির পায়ে রিং পরিয়েছে। এ ছাড়া পাখি গণনা সম্পর্কে আর কিছু জানি না।’পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক ২৭ জানুয়ারি প্রথম আলোকে বলেন, এখনো হাকালুকিতে পাখি জরিপ হয়নি। তবে বার্ড ক্লাবের উদ্যোগে ফেব্রুয়ারি মাসে পাখি জরিপ হবে। এখনো তারিখ ঠিক করা হয়নি।