ঢাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন ক্রয়সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষকসমাজের একাংশের বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের মধ্য লাউঞ্জে বেলা তিনটায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর ১২টায় সংগঠনের আহ্বায়কের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাধা দেওয়া শিক্ষকদের দাবি হচ্ছে, যে বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা সংগঠনের বক্তব্য নয়। সাধারণ সভায় তা পঠিত হয়নি। এভাবে তর্কবিতর্ক, টেবিল চাপড়ানো ও হইচইয়ের মধ্য দিয়ে এক ঘণ্টা পার হয়ে যাওয়ার পর বিকেল চারটায় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ ঘোষণা দেন, সাংবাদিকদের হাতে যে লিখিত বক্তব্য পৌঁছেছে সেটাই তাঁদের বক্তব্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার বিষয়টি পরিষ্কার করতে চাওয়াতেই সুবিধাভোগীরা সংবাদ সম্মেলনে আক্রমণ চালিয়েছেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই স্টিয়ারিং কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ফয়েজার রহমান সংবাদ সম্মেলনের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বেরিয়ে যান। তারপর আহ্বায়ক উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করতে গেলে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতানুল ইসলাম দাঁড়িয়ে বলেন, তিনি সংগঠনের স্টিয়ারিং কমিটির সদস্য। কিন্তু তাঁকে এই সংবাদ সম্মেলনের কথা জানানো হয়নি কেন? জায়গা ছেড়ে উঠে গিয়ে তিনি উচ্চ স্বরে বলতে থাকেন, সংবাদ সম্মেলনের বক্তব্য সংগঠনের বক্তব্য নয়। এই বক্তব্য সংগঠনের সাধারণ সভায় পঠিত হয়নি। স্টিয়ারিং কমিটির দ্বারা অনুমোদিত হয়নি। এ সময় পাশাপাশি বসা দুই পক্ষের শিক্ষকেরা তর্কে জড়িয়ে পড়েন। সংগঠনের আহ্বায়কের পক্ষের শিক্ষকেরাও বলতে থাকেন, এটাই দলের বক্তব্য। সংগঠন তাঁদের কথা বলার জন্য সিদ্ধান্ত দিয়েছে। সবাইকে বিষয়টি জানানো হয়েছে।
এ সময় লাউঞ্জে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। আহ্বায়কের পাশে বসে ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক সরকার সুজিৎ কুমার। তিনি তাঁর জায়গা থেকে উঠে এসে সবাইকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। সবাই একটু শান্ত হলে আহ্বায়ক আবার লিখিত বক্তব্য পাঠ করতে শুরু করেন। তখন বেলা ৩টা ২০ মিনিট। এ সময় লাইব্রেরি প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সঙ্গে ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান, প্রক্টর মুজিবুল হক আজাদ খান, পরীক্ষা নিয়ন্ত্রক আসাবুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক আ ন ম ওয়াহিদ, সাবেক প্রক্টর ও স্টিয়ারিং কমিটির সদস্য তারিকুল হাসান, এসএম হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ আবদুর রহমানসহ একদল শিক্ষক লাউঞ্জের ভেতরে ঢুকে পড়েন। তাঁরা সেখানে বাগ্বিতণ্ডা শুরু করে দেন। অধ্যাপক সামাদী বলেন, এভাবে করা ঠিক না। সবাইকে নিয়ে বসে একমত হয়ে কাল না হয় পরশু সংবাদ সম্মেলন করা যাবে।
অধ্যাপক সুলতানুল ইসলাম বলেন, স্বৈরাচারী মনোভাব নিয়ে স্টিয়ারিং কমিটির সদস্যদের না জানিয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যা বলা হচ্ছে তা সংগঠনের বক্তব্য নয়, তা মিথ্যাচার।
এ ব্যাপারে সংগঠনের আহ্বায়ক রকীব আহমদ বলেন, সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে অতিথি ভবনের জমি ক্রয় নিয়ে পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে প্রশাসনের কাছ থেকে পরিষ্কার ব্যাখ্যা নিতে হবে এবং তা সংবাদ সম্মেলন করে সবার সামনে পরিষ্কার করতে হবে। তিনি বলেন, তাঁরা এ নিয়ে চারবার বসেছেন কিন্তু প্রশাসন তাঁদের পরিষ্কার করে কিছু বলতে চায়নি। তাঁরা বলেছেন, পত্রপত্রিকায় যা লেখা হয়েছে তা অসত্য। এর মধ্যে ফাঁক রয়েছে। তখন তাঁরা বলেছেন, তাহলে যাঁরা সংবাদ প্রকাশ করেছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? কিন্তু এই প্রশ্নের কোনো জবাব প্রশাসনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। সাধারণ সদস্যরা তাঁদের ওপর যে দায়িত্ব দিয়েছেন তা পালনের জন্য তাঁরা অনির্দিষ্টকালের জন্য বসে থাকতে পারেন না। প্রশাসনের ব্যাখ্যায় তাঁরা সন্তুষ্ট হতে পারেননি। বিষয়টি পরিষ্কার করার জন্যই তাঁরা সংবাদ সম্মেলন ডেকেছিলেন।