যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি) নামে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রণালয় থেকে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ক্যাম্পাস নেই, শিক্ষক-কর্মচারী নেই। অতিথি শিক্ষক আর ধার করা ক্যাম্পাসে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএসসি-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার এ প্রতিষ্ঠানটি। নানা সমস্যায় শিক্ষার্থীরা সঠিক পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন।শিক্ষার্থী ও প্রকল্প পরিচালকের অফিস সূত্রে জানা যায়, টেক্সটাইল ডিপ্লোমা অর্জনকারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দেওয়ার লক্ষ্যে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত কনস্টিটিউয়েন্ট ইনস্টিটিউট হিসেবে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি)’ নামে ওই প্রতিষ্ঠানটি স্থাপন করে। টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের ক্যাম্পাসে শুরু হয় এর কার্যক্রম। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে সাড়ে তিন বছর মেয়াদি এই কোর্সের পাঠদান শুরু হয়। বর্তমানে তিনটি ব্যাচের ১৫০ জন শিক্ষার্থী বিএসসি-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করছেন। কিন্তু এই ইনস্টিটিউটে কোনো শিক্ষক-কর্মচারী এখনো নিয়োগ করা হয়নি। টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অব টেকনোলজি (ডুয়েট), টাঙ্গাইল টেকনিক্যাল কলেজ, টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট ও সরকারি সা’দত কলেজ থেকে ধার করে শিক্ষক এনে কোনোরকমে চালানো হচ্ছে পাঠদান।সরেজমিনে অস্থায়ী ক্যাম্পাসে দেখা যায়, শিক্ষার্থীরা বাইরে ঘোরাফেরা করছেন। তাঁরা জানান, অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষক এনে ক্লাস চালানো হয়। ফলে তাঁরা নিজেদের প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে অবসর সময়ে এখানে ক্লাস নেন।বিএসসি ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র মনিরুজ্জামান জানান, ‘ডিপ্লোমা শ্রেণীর উপযোগী গ্রন্থাগার ও ব্যবহারিক কক্ষে আমাদের ব্যবহারিক ক্লাস করানো হয়। অথচ আমরা সবাই ডিপ্লোমা পাস করেই এখানে ভর্তি হয়েছি। নতুন করে কিছু শিখতে পারছি না।’ তৃতীয় বর্ষের ছাত্র এম এ হক আকন্দ বলেন, ‘এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করানোর উপযোগী কিছুই নেই। শুধু আমরা শিক্ষার্থীরা আছি।’ বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের সমন্বয়কারী টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক আতাউল ইসলাম জানান, ‘নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা অতিথি শিক্ষক দিয়ে পাঠদানের চেষ্টা করছি।’শিক্ষার্থীরা জানান, এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। এ দুটো প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বস্ত্র অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সপ্তাহে শুধু এক দিন (শনিবার) তিনি এখানে আসেন। বাকি দিনগুলো বসেন ঢাকায় বস্ত্র অধিদপ্তরে। তাই তিনিও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিকে মনোযোগী হতে পারেন না। অপরদিকে বিআইটিটির প্রকল্প পরিচালক মনসুরুল আলম ঢাকায় অফিস করেন। তিনি এই ক্যাম্পাসে এসেছেন কয়েকবার।প্রকল্প কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি) নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বস্ত্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়ে এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। কিন্তু একনেকের অনুমোদন না থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে। নতুন নাম অনুমোদনের জন্য আবার একনেকে পাঠানো হয়েছে।অধ্যক্ষ মোফাজ্জল হোসেন জানান, নতুন নামকরণের বিষয়টি একনেকে পাঠানো হয়েছে। শিগগির এটি পাস হবে। তিনি বলেন, ১৮০ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের বিষয়টি সংস্থাপন মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।প্রকল্প পরিচালক মনসুরুল আলম জানান, কালিহাতী উপজেলার বাগুটিয়ায় প্রতিষ্ঠানটির জন্য সাত একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যেই নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করা সম্ভব হবে।