পিরোজপুরের কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ১৭টি পদের মধ্যে ১১টিই শূন্য রয়েছে। এ কারণে অতিথি শিক্ষক দিয়ে কোনো রকমে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ১৭টি শিক্ষকের পদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক, ধর্মবিষয়ক শিক্ষক, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকের তিনটি করে পদ থাকলেও শিক্ষক আছেন একজন করে। শিক্ষক-সংকট থাকার পরও গণিতের সহকারী শিক্ষক আমিনুল রহমান প্রেষণে ঢাকার জুড়াইন শেখ কামাল সরকারি উচ্চবিদালয়ে কর্মরত রয়েছেন।
অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান বলে, শিক্ষক-সংকটের কারণে অতিথি শিক্ষক দিয়ে পড়ানো (ক্লাস) হচ্ছে। অতিথি শিক্ষকেরা ঠিকমতো পড়াতে পারছেন না।
কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫৭৪ জন ছাত্রী রয়েছে। প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজে সব সময় ব্যস্ত থাকতে হয়। বাকি পাঁচজন শিক্ষকের প্রত্যেকের পক্ষে ৮ থেকে ১০টি ক্লাস নেওয়া সম্ভব হয় না। এ জন্য অতিথি শিক্ষক দিয়ে কোনো রকমে পড়ানো হচ্ছে। এ ছাড়া প্রতিটি শ্রেণিকক্ষে ৬০ জন শিক্ষার্থী থাকার কথা রয়েছে। কিন্তু শিক্ষক কম থাকায় এবং ছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় শ্রেণিকক্ষে ১০০ থেকে ১২০ জন ছাত্রীকে পড়াতে হচ্ছে।
বিদ্যালয়ের অন্তত ১২ জন ছাত্রী বলে, একটি শ্রেণিকক্ষে একসঙ্গে অনেক ছাত্রীকে পাঠদান করায় শিক্ষকেরা ঠিকমতো পড়া বুঝিয়ে দিতে পারছেন না। এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত চারু ও কারু বিষয় পড়ানো হলেও এ বিষয়ে শিক্ষকের কোনো পদ নেই। গণিতের শিক্ষক-সংকটের কারণে এবার এসএসসি পরীক্ষায় ২৭ জন ছাত্রী অকৃতকার্য হয়েছে। অথচ গত বছর এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মাত্র চারজন অকৃতকার্য হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, সাতজন অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁরা (অতিথি শিক্ষক) দক্ষ নন। বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে অতিথি শিক্ষকেরা ঠিকমতো পড়াতে পারছেন না।
সঞ্জীব কুমার সাহা নামের একজন অভিভাবক বলেন, গণিত বিষয়ে দুটি শিক্ষকের পদ শূন্য থাকায় এ বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রীরা খারাপ ফল করেছে। বিদ্যালয়ের প্রধান মো. শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শিক্ষক-সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাওয়ায় তাঁদের নিয়োগ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে চলে গেছে। এ কারণে শিক্ষক নিয়োগবিধি প্রণয়নের কাজ চলছে। পিএসসি শিক্ষক নিয়োগ দেওয়ার পর সরকারি বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক দেওয়া হবে।