অতিথি শিক্ষক দিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটে কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন, অর্থনীতি, গণিতসহ বিভিন্ন বিভাগে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভিন্ন বিভাগে অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করা হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষকের ৩৩টি পদ শূন্য থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।কলেজের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে এটি জাতীয়করণ করা হয়। এখানে ১৪ বিষয়ে স্নাতক (সম্মান), সাত বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক কোর্স ও উচ্চমাধ্যমিকে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। এসব শেণীতে পাঠদানের জন্য এখানে ৪০ জন প্রভাষক, ১৮ জন সহকারী অধ্যাপক, ১৪ জন সহযোগী অধ্যাপকসহ শিক্ষকের ৮০টি পদ রয়েছে। এর মধ্যে ১৩ জন প্রভাষক, সাতজন সহকারী অধ্যাপক, সাতজন সহযোগী অধ্যাপক, তিনজন অধ্যাপক ও তিনজন প্রদর্শকসহ শিক্ষকের ৩৩টি পদ শূন্য আছে। বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালু রেখেছে।গণিত বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান জানান, বিভাগের তিন শতাধিক শিক্ষার্থীর জন্য ১২ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র দুজন। তাই প্রতিদিন এক-দুটি করে ক্লাস হয়। এতে পাঠদান শেষ করা সম্ভব হয় না।দর্শন বিভাগের প্রভাষক শাকিল আহমেদ জানান, ছয় শতাধিক শিক্ষার্থীর জন্য ১২ জন শিক্ষকের বিপরীতে আছেন মাত্র একজন। প্রতিদিন পাঁচটি করে ক্লাস নিতে হচ্ছে। তিনজন অতিথি শিক্ষক থাকলেও তাঁরা প্রতিদিন আসেন না। অর্থনীতি বিভাগের প্রভাষক আফরোজা চৌধুরী জানান, এ বিভাগে সাত শতাধিক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র একজন। দুজন অতিথি শিক্ষক থাকলেও তাঁরা ঠিকমতো ক্লাসে আসেন না। এ কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপাধ্যক্ষ তোফায়েল হোসেন জানান, প্রয়োজনের চেয়ে খুব কম শিক্ষক থাকায় বেসরকারি কলেজ থেকে শিক্ষক এনে পাঠদান করাতে হয়। তবে ওই শিক্ষকেরাও নিয়মিত আসেন না। এ জন্য পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, এ কলেজে দুজন অধ্যাপক ও সাতজন সহকারী অধ্যাপকের অতিরিক্ত পদ সৃষ্টির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। মন্ত্রণালয় কিছুদিন আগে অর্থনীতি ও রাষ্ট্রবজ্ঞান বিভাগে পাঁচজন শিক্ষক নিয়োগ দেয়। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শুধু একজন শিক্ষক যোগদান করেছেন। বাকিরা কর্মস্থলে যোগ দেননি।