অতিথি শিক্ষকে চলছে ব্যবসায় শিক্ষা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে আট বছর আগে উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা হয়। তবে এখনো এই বিভাগে শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। তাই অতিথি শিক্ষক দিয়েই চলছে এই বিভাগের কার্যক্রম।
এদিকে অন্য বিভাগেও শিক্ষকের সংকট রয়েছে। বর্তমানে কলেজটিতে শিক্ষকের পদ রয়েছে ৩৫টি। কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) বিভাগ চালুর পর কলেজ কর্তৃপক্ষ ৮১টি শিক্ষক পদের জন্য মন্ত্রণালয়ে আবেদন জানায়। তবে এর অনুমোদন মেলেনি। বর্তমানে কলেজটিতে ২৯ জন শিক্ষক রয়েছেন। পাশাপাশি সরকারিভাবে দুজনকে সংযুক্ত করা হয়েছে এবং ১১ জন অতিথি শিক্ষক রয়েছেন।
শিক্ষকের সংকটে কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে। এর প্রভাব পড়েছে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে। এবার কলেজ থেকে ৮৮৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। পাস করেন ৫১৮ জন। পাসের হার ৫৮ দশমিক ৯৩। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেন ১৮২ জন। পাসের হার ৫৭ দশমিক ৭০।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায় শিক্ষা বিভাগের দুজন ছাত্রী বলে, ২০০৯ সালে কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা হয়েছে। তখন থেকে অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করা হচ্ছে। এসব শিক্ষকের অনেকে ভালো পড়াতে পারেন না। অনেক শিক্ষার্থী ক্লাসে আগ্রহ হারিয়ে ফেলে। নিয়মিত ক্লাসে যায় না।
কলেজ সূত্রে জানা যায়, ২০০৬ সালে বাংলা ও ইতিহাস বিষয়ে এবং ২০০৯ সালে ইংরেজি ও সমাজকর্ম বিষয়ে স্নাতক (সম্মান) চালু করা হয়। গত বছর থেকে প্রতিটি বিভাগে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। সাধারণত প্রতিটি বিষয়ে অন্তত সাতজন করে শিক্ষকের পদ থাকার কথা। এই কলেজে বর্তমানে চারজনের বেশি পদ সৃষ্টি করা হয়নি। শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ আবদুল মতিন মিয়া বলেন, খালি পদসহ যেসব পদ সৃষ্টি হয়নি, সেখানে অতিথি শিক্ষক দিয়ে কোনো প্রকারে চালিয়ে নেওয়া হচ্ছে।
অধ্যক্ষ আরও জানান, অতিথি শিক্ষককে প্রতি ক্লাসের জন্য ২০০ টাকা করে সম্মানী ভাতা দেওয়া হয়। কলেজে আরও ৪৬ জন শিক্ষকের পদ দাবি করে ২০১৩ সালে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো শিক্ষক দেওয়া হয়নি।
শিক্ষকের সংকট ছাড়াও কলেজটি নানা সমস্যায় জর্জরিত। বর্তমানে জরাজীর্ণ ভবনে চলছে একাডেমিক কার্যক্রম। কলেজের উপাধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, সামান্য বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে তাঁর অফিসরুমে পানি ঢোকে। এতে কলেজের প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষকদের বসার কক্ষেরও তীব্র সংকট। শিক্ষকদের কোনো ধরনের আবাসিকের ব্যবস্থা নেই। ফলে দূরদূরান্ত থেকে যাতায়াত করে কলেজে পাঠদান করতে হচ্ছে শিক্ষকদের।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে পৌনে ২ একর জমির ওপর চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে এটি সরকারি করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি জেলার নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।