অতিথিকে খুশি করতে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে সাড়ে চার শ শিক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের এমপিও, বিদ্যালয়ের মাটি ভরাটসহ উন্নয়নমূলক বিভিন্ন কাজে সাহায্য প্রয়োজন। ওই স্কুলে আসবেন সংসদের উপনেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তাই ‘তাঁকে খুশি করতে’ খোলা আকাশের নিচে স্কুলের সাড়ে চার শ শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখা হলো টানা পাঁচ ঘণ্টা। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজেদা চৌধুরীর যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করতে আসার কথা ছিল গতকাল দুপুর পৌনে ১২টায়। কিন্তু তিনি বিদ্যালয়ের চত্বরে যান বেলা সোয়া দুইটায়। গতকাল বন্ধের দিন হলেও প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থীকে বিদ্যালয়ের পোশাক পরে সকাল নয়টার মধ্যেই আসতে হয়। সকাল সোয়া নয়টা থেকে শিক্ষার্থীদের হাতে ফুলের পাপড়ি দিয়ে অতিথিকে বরণ করতে বেলা সোয়া দুইটা পর্যন্ত সড়কের দুপাশে দাড়িয়ে থাকতে হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর একাধিক ছাত্রী বলে, শিক্ষকেরা গত বুধ ও বৃহস্পতিবার তাদের একাধিকবার শুক্রবার বন্ধের দিনে সকাল নয়টার মধ্যে স্কুলে আসতে বলেন। গতকাল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তারা ক্লান্ত ও অনেকে ক্ষুধার্ত হয়ে পড়ে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, সংসদের উপনেতার সকাল ১১টা ৪৫ মিনিটে বিদ্যালয়ের প্রাঙ্গণে আসার কথা ছিল। কিন্তু তিনি বাসায় নামাজ পড়ে স্কুলের প্রাঙ্গণে আসেন দুপুর সোয়া দুইটায়। এ জন্য শিক্ষার্থীদের বেশি সময় অপেক্ষা করতে হয়। শিক্ষার্থীদের এভাবে কোনো অতিথিকে স্বাগত জানাতে দাঁড় করিয়ে রাখা নিষিদ্ধ করা হয়েছে, তা জানেন দাবি করে বলেন, ‘প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও, মাটি ভরাট করাসহ বিদ্যালয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। নেত্রীকে খুশি করতে শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পাসের মধ্যেই দাঁড় করিয়ে রেখেছিলাম।’