
উড়োযান উদ্ভাবনের ইচ্ছা ছিল বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী শাদাব মোস্তফার। কিন্তু ব্যয়বহুল ও রাষ্ট্রীয় অনুমতির প্রয়োজন হওয়ায় সেই ইচ্ছা পূরণ হয়নি। তাই বলে সে দমে যায়নি। উদ্ভাবন করেছে একটি ড্রোন। গতকাল মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করতে আসা জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিনসহ অতিথিদের সামনেই ওই ড্রোন ওড়ায় শাদাব। এই ড্রোন দেখে বিস্মিত হন অতিথিরা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জিলা স্কুলে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী ওই মেলা। এর উদ্বোধন করেন ডিসি আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল। মেলায় জ্যেষ্ঠ, কনিষ্ঠ ও সাধারণ বিভাগে খুদে উদ্ভাবকদের ৫৫টি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের বেশি কৌতূহল ছিল শাদাবের ড্রোন ঘিরে।
শাদাব বলে, ব্যাটারিচালিত এই ড্রোন শক্রপক্ষের অবস্থান চিহ্নিতকরণে, নিরাপত্তাকাজে, চিত্র ধারণে, সার্ভিং, কার্গো, মেডিক ড্রোনসহ নানা কাজে ব্যবহার করা যাবে। উড়োযান তৈরির ইচ্ছা থেকেই ড্রোনের পরিকল্পনা মাথায় আসে। এর জন্য প্রয়োজন পড়ে ট্রান্সমিটার, ভিডিও ট্রান্সমিটার, ফ্লাইট কন্ট্রোলার, ব্যাটারি, জিপিআরএসসহ নানা উপকরণ ও যন্ত্রাংশ। এসব কিনতে ৫০ হাজার টাকা খরচ হয়। এক মাসের চেষ্টায় এটি ওড়ানো সম্ভব হয়। পরে এটি নিয়ে ঢাকায় একটি প্রতিযোগিতায় অংশ নেয় সে। সেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোনও প্রদর্শিত হয়।
শিক্ষার্থী-দর্শনার্থীদের ভিড় ছিল জিলা স্কুলের দশম শ্রেণির তিন সহপাঠী তৌহিদ হাসান, আরিফ ইশতিয়াক ও ইশতিয়াক হোসেনের উদ্ভাবিত ইলেকট্রো ম্যাগনেটিক রিপুলেশন ট্রেন দেখতেও। এ ছাড়া শিক্ষার্থীদের ভিড় ছিল নার্সারি, গাছগাছালি ও ফসলে ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য পরিবেশবান্ধব স্বয়ংক্রিয় গার্ডেন স্প্রে যন্ত্র উদ্ভাবন দেখার জন্য। খুদে উদ্ভাবক জিলা স্কুলের শিক্ষার্থী নিহাল হোসেন বলে, স্বয়ংক্রিয় এই যন্ত্রের মাধ্যমে দূর থেকে কীটনাশক স্প্রে করা যাবে।
কাহালুর তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ফাহমিদে জেসমিন উদ্ভাবন করেছে পরিবেশবান্ধব পোকামাকড় দমন যন্ত্র (ইনসেক্ট কিলার)। দর্শনার্থীদের ভিড় ছিল বগুড়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আজমাইন আকমালের উদ্ভাবিত মুঠোফোন-নিয়ন্ত্রিত রোবট দেখতে। এদিকে বগুড়া মিলেনিয়াম স্কলাসটিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুর্ঘটনা প্রতিরোধক একটি উদ্ভাবনও নজর কাড়ে দর্শনার্থীদের।