অতিদরিদ্র নারীদের স্বাবলম্বী প্রকল্পের টাকা লুটপাট
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অতিদরিদ্র নারীদের স্বাবলম্বী করার প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভিজিডিইউপি নামের ওই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে উত্তরায়ণ জনকল্যাণ মহিলা সমিতি। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্র মহিলাদের আর্থিক ও অন্যান্য সুবিধা দিয়ে স্বাবলম্বী করার লক্ষ্যে ফুলপুর উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০১১ সালের এপ্রিল মাসে এ কার্যক্রম শেষ হবে। এ প্রকল্পে প্রায় তিন কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।প্রকল্পের আওতায় উপজেলার দুই হাজার ২২৩ নারীকে প্রশিক্ষণ দিয়ে তাঁদের মধ্যে ছাগল কিংবা সেলাইমেশিন বিতরণ করার কথা। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক সদস্যকে টাকা দেওয়ার কথা।বার্নিহালা গ্রামের রুমেলা খাতুন (৩০) এই প্রকল্প থেকে তিনটি ছাগল পেয়েছিলেন, সবগুলোই মারা গেছে। একই গ্রামের মাহমুদা বেগমও (২৫) তিনটি ছাগল পেয়েছিলেন। সেগুলোও মারা গেছে। ভিজিডিইউপি প্রকল্পের সদস্যদের অভিযোগ, তাদরেকে রোগাক্রান্ত ও ছোট ছাগল দেওয়া হয়েছে তাঁদের। কম দামে এসব ছাগল কিনে বেশি দাম দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন এনজিওর কর্মকর্তারা। ছাগল রাখার জন্য প্রত্যেক সদস্যকে এক হাজার টাকা দামের কাঠের চৌকি, ৪০০ টাকার খাবার, ২০০ টাকার ভ্যাকসিন ও পরিবহন বাবদ ২০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও কাউকেই তা দেওয়া হয়নি। উত্তরায়ণ জনকল্যাণ মহিলা সমিতির ময়মনসিংহ জেলা ব্যবস্থাপক শাহজাহান বলেন, ‘৪০০ টাকার খাবার লোকবলের অভাবে দিতে পারি নাই। অনেককেই চৌকি দিতে পারি নাই।’ রোগাক্রান্ত ও ছোট ছাগল বিতরণের ব্যাপারে বলেন, ‘কী করব। ছাগলই তো পাওয়া যায় না।’ তিনি আরো জানান, কয়েক দিন ধরে সদস্যদের বাড়ি গিয়ে ছাগলের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার বলেন, ‘প্রকল্পের উদ্দেশ্য যে ব্যাহত হচ্ছে এবং খাবার ও শেড তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছে না তা প্রকল্প পরিচালককে ২৩ জুন লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।’