অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হওয়ার আগেই বরাদ্দের চেয়ে কম শ্রমিক দিয়ে অনেক প্রকল্পের কাজ শেষ করে দেওয়া হয়েছে। স্থানীয় শ্রমিক দিয়ে কাজ করানোর নিয়ম থাকলেও অন্য এলাকা থেকে শ্রমিক এনে চুক্তিতে কাজ করানো হচ্ছে। এমনকি ৩০ শতাংশ নারী শ্রমিককে কাজের সুযোগ দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।
শরীয়তপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে শরীয়তপুরে ছয়টি উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ চলছে। এই প্রকল্পে জেলায় চার কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৪০ দিনে ১৯৮টি মাটির রাস্তা সংস্কার করা হবে। প্রতিদিন ২০০ টাকা পারিশ্রমিকে পাঁচ হাজার ৭২৭ জন শ্রমিকের কর্মসূচির আওতায় কাজ করার কথা। গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু বর্ষা মৌসুম থাকায় প্রকল্পের কাজ করা সম্ভব হয়নি। এ কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রকল্পটির কাজ শুরু করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট ইউপি সদস্যদের তত্ত্বাবধানে এক মাসের কম সময়ে ৪০টি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। ইউপি সদস্যরা পরিচিতদের নামে ব্যাংক হিসাব খুলে প্রকল্পের টাকা উত্তোলন করছেন।
গত সোম, মঙ্গল ও বুধবার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রকল্পে বরাদ্দের অর্ধেকের কম শ্রমিক কাজ করছেন। কোনো প্রকল্পেই নারী শ্রমিকেরা কাজ করছেন না। চুক্তিতে বাইরের শ্রমিক দিয়ে কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে কর্মরত অধিকাংশ শ্রমিকের ব্যাংক হিসাব খোলা হয়নি।
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউপির ৭ নম্বর ওয়ার্ডে ৩০ জন শ্রমিকের জন্য দুই লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১৪ জন শ্রমিক দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ইউপি সদস্য জাহাঙ্গীর ওঝা বলেন, এলাকায় শ্রমিকের পারিশ্রমিক বেশি থাকায় খরচ হচ্ছে বেশি। এ ছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ১০ শতাংশ টাকা দিতে হয়। এ কারণে কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।
ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার বলেন, কোনো প্রকল্প থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। এই অঞ্চলে দিনে ৩৫০ টাকার কমে শ্রমিক পাওয়া যায় না। কিন্তু একজন শ্রমিকের জন্য বরাদ্দ রয়েছে ২০০ টাকা। তাই কম শ্রমিক দিয়ে কাজ করানো হতে পারে।
নড়িয়ার ইউএনও জহিরুল ইসলাম বলেন, প্রতিটি প্রকল্পে শ্রমিকদের ৪০ দিন কাজ করার কথা। এখানে চুক্তিতে কাজ করার সুযোগ নেই। এসব ব্যাপারে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।