অতিদরিদ্রের কর্মসংস্থান প্রকল্পে বিত্তশালীদের নাম!
কুড়িগ্রামের উলিপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিটি) প্রকল্পে বিত্তশালী ও চাকরিজীবীদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বঞ্চিতরা গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করে বিত্তশালীদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ অনুযায়ী নামগুলো যাচাই-বাছাই হচ্ছে। কোনো অনিয়ম হয়ে থাকলে চেয়ারম্যানকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বঞ্চিত দরিদ্র মানুষদের অভিযোগ, তাঁদের ইউনিয়নে ইজিপিটি প্রকল্পের আওতায় ৪৮৭ জন অতিদরিদ্র ব্যক্তি তালিকাভুক্ত হয়ে কাজ করে আসছিলেন। সম্প্রতি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মিলে তাঁদের অর্ধেকের নাম কেটে দিয়ে টাকার বিনিময়ে বিত্তশালী, চাকরিজীবী, এমনকি কলেজছাত্রের নাম তালিকাভুক্ত করেছেন। এর জন্য বিত্তশালী ও স্বাবলম্বী ব্যক্তিদের কাছ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা করে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর আগের তালিকাভুক্ত হতদরিদ্ররা কাজে যোগ দিতে গেলে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাঁদের বলেন, অফিসের নির্দেশে তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে।
ইউএনওর কাছে করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম পল্লি চিকিৎসক এবং ওমর আলীর ছেলে আ. রশিদের স্ত্রী স্বাস্থ্য বিভাগে কর্মরত থাকলেও তাঁদের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউপি সদস্য তাহেরের ছেলে রবিউল ও রবিউলের স্ত্রী করিফুল বেগমের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আহমেদ আলীর ছেলে রুস্তম আলীর পাকা বাড়ি রয়েছে এবং তাঁর ছেলে চাকরি করলেও তাঁর নাম তালিকায় রয়েছে। তালিকায় থাকা রশিদ নামের এক ব্যবসায়ী দিনভর মোটরসাইকেলে চড়ে বেড়ান। এ রকম আরও অনেকের নাম এসেছে যাঁরা সচ্ছল। সরকারি নিয়ম অনুযায়ী, কারও মৃত্যু, ৬০ বছরের ঊর্ধ্বে বয়স হলে ও এলাকায় না থাকলে শুধু তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু এখানে তা মানা হয়নি।
আরও অভিযোগ করা হয়েছে, এই ইউনিয়নে নতুন করে বরাদ্দ পাওয়া ৩৪৯ জনের তালিকা প্রণয়নেও টাকা আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক তালিকাভুক্ত একাধিক ব্যক্তি বলেন, তাঁরা তালিকাভুক্ত হতে ৫ থেকে ৬ হাজার টাকা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘মেম্বাররা তালিকা পরিবর্তনের জন্য চাপ দিলে আমি অনুমতি দিই।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’