অতিদুর্গম, তাই ঢালারচর সন্ত্রাসীদের অভয়ারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদুর্গমতার কারণেই পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিণত হয়েছে সন্ত্রাসীদের অভয়ারণ্যে। এখানে প্রতিবছর গড়ে পাঁচ থেকে দশটি খুনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনা তেমন আলোচিত হয় না। কিন্তু গত মঙ্গলবার তিন পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০০০ সালের ১১ সেপ্টেম্বর বন্দুকযুদ্ধে পুলিশের এক উপপরিদর্শক ও তিন চরমপন্থী নিহত হওয়ার ঘটনাটিও বেশ আলোচিত হয়েছিল।ঢালারচর ইউনিয়নের অবস্থান পদ্মা ও যমুনার মিলনস্থলের অতিদুর্গম চরে। বেড়া উপজেলা সদর থেকে প্রায় ৩০ ও পাবনা সদর থেকে এর দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। এলাকাটির অবস্থান পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলারও মিলনস্থলে। একদিকে দুর্গমতা, আরেক দিকে তিন জেলার মিলনস্থল হওয়ায় সেখানে পুলিশি অভিযান চালানোও দুষ্কর। এ সুযোগেসন্ত্রাসীরা এলাকাটিকে তাদের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশের কোথাও সন্ত্রাসী বা চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান শুরু হলেই তারা এ এলাকায় এসে অবস্থান নেয়।খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২৫ বছর ধরে এই ইউনিয়ন পরিষদের (ইউপি) কোনো চেয়ারম্যান সন্ত্রাসীদের ভয়ে ইউনিয়নে থাকতে পারছেন না। নির্বাচিত হওয়ামাত্রই তাঁরা ইউনিয়নের বাইরে কোনো নিরাপদ স্থানে অবস্থান নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান ২০০৩ সালে নির্বাচিত হওয়ার পর থেকে চরমপন্থীদের ভয়ে পরিবার নিয়ে বাস করছেন উপজেলা সদরে। মাসুমদিয়া ইউনিয়নের কাজীরহাটে অস্থায়ী কার্যালয় বসিয়ে সেখান থেকেই তিনি পরিচালনা করেন পরিষদের কার্যক্রম। তাঁর আগের চেয়ারম্যান কোরবান আলীও এলাকায় থেকে দায়িত্ব পালন করতে পারেননি। রূপপুর ইউনিয়নের বাঁধেরহাটে অস্থায়ী ইউপি কার্যালয় বসিয়ে সেখান থেকে তিনি দায়িত্ব পালন করেন। এ নিয়ে তাঁরা কোনো কথাও বলতে চাননি। ঢালারচরে ২০০৬ সালের নভেম্বরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবনে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। এতে স্বাস্থ্যকেন্দ্রটির সেবা দেওয়া বন্ধ হয়ে গেছে।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বলেন, দুর্গমতার কারণেই ঢালারচর এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা বেশি। তার পরও সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যথাসাধ্য কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, ঢালারচর থেকে সন্ত্রাসের মূলোৎপাটন করা হবে। শুধু পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদেরই নয়, সব ধরনের সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।