অতিবর্ষণ ও জোয়ারে ক্ষতিগ্রস্ত খুলনার ৪২ হাজার পরিবার
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত তিন-চার দিনের টানা বর্ষণ ও নদ-নদীতে অস্বাভাবিক জোয়ারে খুলনার উপকূলীয় উপজেলা দাকোপ, কয়রা ও পাইকগাছার ১২টি ইউনিয়নের ৪২ হাজারের বেশি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে দুই হাজার ৩৭২ একর জমির ফসল। এসব এলাকায় নতুন করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে।গতকাল রোববার বিকেলে কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ সোহরাব আলী। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কয়রা এমনিতেই আইলায় বিধ্বস্ত হয়ে রয়েছে। গত তিন-চার দিনের অতিবর্ষণ ও জোয়ারের পানিতে উপজেলার ছয়টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। কয়রা সদরেই এখন তিন-চার ফুট পানি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে নৌকায় করে গিয়ে বৈঠক করতে হয়েছে।সাংসদ সোহরাব আলী জানান, ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ২০ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া ৪০ দিনের অতিদরিদ্র কর্মসূচির কিছু টাকাও ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যয় করা হবে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পানিতে তলিয়ে গেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায় যাতে দুর্গাপূজা উদ্যাপন করতে পারে, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে।খুলনা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, কয়রা সদর, মহারাজপুর, বাগালী ও মহেশ্বরীপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪০ হাজার। এর মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩০ হাজার পরিবার। উপজেলার ২৫ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা ৩১ হাজার ৭০০। ৩০০ ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাউবোর নির্মিত ১৪ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। সব মিলিয়ে ১৬৩ কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ছাড়া অতিবর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দাকোপ উপজেলার সুতরখালী, কামারখোলা, বাণীশান্তা ও তিলডাঙ্গা ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ২০০ পরিবার। এর মধ্যে ৫০০ পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। চারটি ইউনিয়নে ২৯৭ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার ৬০টি। নয় কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা সুতরখালী ও কামারখোলা ইউনিয়নের।কয়রা ও দাকোপের মতো পাইকগাছা উপজেলা ক্ষতিগ্রস্ত না হলেও বিচ্ছিন্নভাবে এ উপজেলার দুটি ইউনিয়নসহ কয়েকটি এলাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২১ হাজার ৩৫০ জন। ছয় হাজার ৫৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ও কাঁচা রাস্তারও ব্যাপক ক্ষতি হয়েছে। খুলনার জেলা প্রশাসক মো. জমসের আহম্মদ খন্দকার বলেন, ক্ষয়ক্ষতির বিবরণ ইতিমধ্যে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়রায় ২০ ও দাকোপ উপজেলায় ১০ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া ৪০ দিনের অতিদরিদ্র কর্মসূচির কিছু টাকা ক্ষতিগ্রস্ত এলাকায় ছোটখাটো বাঁধ সংস্কারে ব্যয় করা হবে বলে জানান তিনি।