অতিবর্ষণে পঞ্চগড়ের তিন হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনের টানা ভারী বর্ষণে পঞ্চগড় পৌরসভার নিচু এলাকার প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, গত মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টিতে পৌরসভা এলাকার নিমনগর, পৌরখালপাড়া, রামেরডাঙ্গা, তুলারডাঙ্গা নতুন বস্তি খালপাড়া ও কামাতপাড়া গ্রামের দরিদ্র ও নিম্ন আয়ের প্রায় তিন হাজার মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। অনেকে বাড়িঘর ছেড়ে প্রতিবেশী ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে দুই দিনে পৌর এলাকার প্রায় দুই হাজার বাড়ি প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষের সাহায্যের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান বলেন, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী তীরবর্তী এলাকার আমন খেত তলিয়ে গেছে।জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, পৌরসভার বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যে পৌরসভাকে কিছু বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া তেঁতুলিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। সেখানেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হবে।