যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার অতিবর্ষণের কারণে সড়ক-মহাসড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়কের এই সমস্যা নিয়ে রাজনৈতিকভাবে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন। বিভিন্ন সড়ক-মহাসড়কের সংস্কারকাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী দুই দিনের মধ্যে শেষ হবে।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ওই সড়কের কিটিংচর, আজিমপুর, গ্যাড়াদিয়া ও নয়াকান্দি এলাকায় প্রায় সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে চারটি সেতুর নির্মাণকাজ চলছে। কিটিংচর সেতু পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সাংসদ মমতাজ বেগম, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান। নির্মাণাধীন সেতুগুলোর কাজ ধীরগতিতে হওয়ার কারণে সওজের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী।