অতিমাত্রায় এমপিওভুক্তিতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এ জন্য তিনি অতিমাত্রায় এমপিওভুক্তিকে দায়ী করেছেন। গতকাল রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মত দেন।
সাংসদ আবদুল মতিন খসরু এ-সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নে প্রতিটি উপজেলার তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এমপিও পদ্ধতি প্রবর্তিত হওয়ার পর শিক্ষার মান ব্যাপকভাবে সাফার করেছে। এ নিয়ে ইতিবাচক কোনো কথা বলতে পারছি না।’
ফজলে রাব্বী মিয়া সম্পূরক প্রশ্নে এমপিওভুক্ত করার দাবি জানালে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো উত্তর দিতে আমি প্রস্তুত নই। তবে সংসদ সদস্যদের আগ্রহ উপলব্ধি করার চেষ্টা করছি। যেকোনোভাবে বিবেচনা করতে হবে। তবে ফলাফল কী হবে, তা জানি না।’
জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অনেক প্রকল্প আছে, যেখানে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়। সেখানে খরচ কমিয়ে শিক্ষকদের জন্য তা কাজে লাগানো যেতে পারে। এমপিওভুক্ত করতে টাকা ছাড় না দেওয়ায় সাংসদ এ বি এম আবুল কাসেম অর্থমন্ত্রীকে ‘কৃপণ’ বলে মন্তব্য করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কীভাবে উত্তর দেব, তা চিন্তা করতে পারছি না। তবে আমি মোটেই কৃপণ নই। এটা আমার পয়সা না, মানুষের টাকা। মানুষের সেবায়ই টাকা ব্যয় হবে।’
জাতীয় পার্টির নাসরিন জাহানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন করপোরেশনের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা নয় হাজার ২২৫ কোটি টাকা। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কাছে দুই হাজার ৩১৫ কোটি ৬১ লাখ টাকা, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের কাছে ৫৩৭ কোটি ৮৯ লাখ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের কাছে ১৪৪ কোটি ৮৭ লাখ এবং বাংলাদেশ সুগার এবং ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছে বিভিন্ন ব্যাংকের দুই হাজার ৫০২ কোটি ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
তথ্যপ্রযুক্তি (সংশোধন) বিল পাস: তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) বিল, ২০১৩ গতকাল রোববার সংসদে পাস হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। গত ২০ আগস্ট ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের সংশোধনে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
বিলে শাস্তির মেয়াদ বাড়িয়ে কমপক্ষে সাত বছর এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান করা হয়েছে। ২০০৬ সালে পাস হওয়া এ আইনে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান ছিল। বিলে পুলিশকে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
যুদ্ধাপরাধীদের ভোটার অযোগ্য করে বিল পাস: বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্তদের ভোটার হওয়ার অযোগ্য ঘোষণা করে গতকাল ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। এ ছাড়া গতকাল জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) বিল, ২০১৩ পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ১৮ বছরের কম বয়সীরা জাতীয় পরিচয়পত্র পাবে।