অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদী বাজারের ইজারা গ্রহণকারীর বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

অভিযোগ থেকে জানা গেছে, সাধারণত বাজারে পণ্য ব্যবসায়ীদের মণপ্রতি ইজারা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু আলদী বাজারের পাইকারি ব্যবসায়ীদের বস্তাপ্রতি ইজারা দিতে হয়। সম্প্রতি ইজারাদার আবার বস্তাপ্রতি ইজারা তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করেছেন।  

বাজারের একটি সূত্র জানায়, এই বাজারে মুদি, চাল, ভুসি মালসহ কমপক্ষে ৩০০ দোকান রয়েছে। এ ছাড়া কাঁচাবাজার, মাছ-মাংসের বাজার, কাঠের ব্যবসাপ্রতিষ্ঠান ও খুচরা ব্যবসায়ী আছেন ২০০ থেকে ৩০০।

ইজারাদার মেহদী হাসান জানান, ‘আমি সরকারি তালিকা মোতাবেকই টোল আদায় করছি। মাঝখানে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে টোল নিয়ে একটু সমস্যা হয়েছিল। সেটা তো মিটে গেছে।’