হিমাগারে নিয়োজিত শ্রমিকদের ক্ষেত্রে শ্রম আইন ও বিধির দুটি বিধান অনুসারে বয়স্ক পুরুষের ক্ষেত্রে ৫০ কেজি এবং নারী শ্রমিকের ক্ষেত্রে ৩০ কেজি নির্ধারিত ওজনের বেশি ভার বহন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল দেন।
রুলে ২০০৬ সালের শ্রম আইন ও ২০১৫ সালের শ্রম বিধিমালার দুটি বিধান অনুসারে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৫০ কেজি ও নারী শ্রমিকের ৩০ কেজির বেশি ওজন বহন (আলুর বস্তা) রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে শ্রম আইনের ৭৪ ও শ্রম বিধিমালার ৬৩ বিধি প্রয়োগের কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থানসচিব, প্রধান কারখানা পরিদর্শক, শ্রম বিভাগের পরিচালক, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনসহ সাতজন বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।