অতিরিক্ত ওজনের যানবাহনের চাপে দেবে গেছে মহাসড়ক
ঢাকা-রংপুর মহাসড়কে ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করছে। এ কারণে গাইবান্ধার সীমানায় পড়া এই মহাসড়কের ৩২ কিলোমিটার অংশের অসংখ্য স্থান দেবে গেছে। সড়ক কোথাও উঁচু কোথাও নিচু। তাই সড়কে যানবাহন চলছে লাফিয়ে লাফিয়ে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গাইবান্ধা সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ গাইবান্ধার সীমানায় পড়েছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার বগচর, চৌরাস্তা মোড়, কালীতলা, বালুয়া বাজার; পলাশবাড়ী উপজেলার অবিরামপুর, জুনদহ, রাইগ্রাম, বৈরী হরিণমারি ও সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় মহাসড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়কে যানবাহনের ধারণক্ষমতা সর্বোচ্চ ২০ মেট্রিক টন। কিন্তু ৩৫ থেকে ৪৫ মেট্রিক টনের বেশি মালামাল নিয়ে এই মহাসড়কে যানবাহন চলছে।পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, প্রতিদিন এই মহাসড়ক দিয়ে রডবোঝাই অনেক ট্রাক চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করছে। উত্তরবঙ্গ থেকেও পাথরবোঝাই অনেক ট্রাক দক্ষিণাঞ্চলে যাতায়াত করছে। এ কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়গুলো জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানিয়েও কোনো কাজ হচ্ছে না।গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরুজ হক বলেন, মহাসড়কের অসংখ্য স্থান উঁচু-নিচু হওয়ায় স্বাভাবিক গতিতে যানবাহন চালানো যাচ্ছে না। পলাশবাড়ী শহরের কলেজশিক্ষক শামিকুল ইসলাম অভিযোগ করেন, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করলেও হাইওয়ে পুলিশ, সওজ কিংবা বিআরটিএ কর্তৃপক্ষের কোনো তদারকি নেই; বিশেষ করে হাইওয়ে পুলিশ ঘুষ নিয়ে অতিরিক্ত মালামাল বহনকারী ট্রাকের চালক কিংবা মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।নাম প্রকাশ না করার শর্তে লালমনিরহাটের একজন ট্রাকচালক বলেন, ‘মহাসড়ক নষ্ট হতে পারে। কিন্তু কী করব। একদিকে মহাজনের চাপ, অন্যদিকে দূরের পথ। বেশি করে মালামাল বহন করলে দুটো টাকা বেশি পাওয়া যায়। তাই ট্রাকে অতিরিক্ত মালামাল বহন করছি।’সওজ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম তদারক না করার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। অথচ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি এই মহাসড়কে ৩৫ থেকে ৪৫ মেট্রিক টন পণ্য নিয়ে ট্রাক চলাচলের কথা নিশ্চিত করে বলেন, মহাসড়ক সংস্কার করলেও অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের কারণে তা দীর্ঘস্থায়ী হচ্ছে না।গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, যানবাহন চলাচল বন্ধ করতে গেলে ট্রাকমালিক ও শ্রমিকেরা আন্দোলন করেন, ধর্মঘটের ডাক দেন। এ কারণে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল বন্ধ করা যাচ্ছে না।