অতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জনস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে হাইব্রিড টমেটোতে অতিরিক্ত কীটনাশক দিচ্ছেন কৃষকেরা। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। উপজেলা কৃষি বিভাগ অতিরিক্ত কীটনাশক ব্যবহারকারী কৃষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াহিয়া বলেন, সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কিডনি ও যকৃতে সমস্যা দেখা দিচ্ছে। কৃষি বিভাগের নিয়মানুযায়ী সহনীয় পর্যায়ে কীটনাশক প্রয়োগ করা উচিত, তাহলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনবে না।
খোঁজ নিয়ে জানা যায়, শীতকালীন সবজি হিসেবে চলতি বছর কমলগঞ্জের ৬১৮ একর জমিতে টমেটো চাষ করা হচ্ছে। এর মধ্যে হাইব্রিড জাতের বারি-৪, বারি-৮ ও ইপোক রয়েছে। হাইব্রিড টমেটোর গাছে অধিক ফলনের জন্য বেশি পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে হচ্ছে।
এ প্রসঙ্গে কৃষকেরা বলেন, প্রতিবছর হাইব্রিড টমেটো চাষাবাদের কারণে অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োজন হয়। চলতি মৌসুমে কৃষকেরা খেতে সিতারা ও সিক্সআর জাতের বিষাক্ত কীটনাশক চার-পাঁচ দিন পরপর প্রয়োগ করছেন। অথচ নিয়মানুযায়ী ১ সপ্তাহ বা ১৫ দিন পরপর কীটনাশক দেওয়ার কথা। কীটনাশক প্রয়োগের এক সপ্তাহ পর টমেটো সংগ্রহ করার কথা থাকলেও অনেক কৃষক তা প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে টমেটো সংগ্রহ করে বাজারজাত করছেন।
কৃষকেরা কীটনাশকে ক্ষতির সত্যতা স্বীকার করে বলেন, এসব কীটনাশক প্রয়োগ করলে খেতের আশপাশের নদী, ছড়া, নালা এমনকি জলাভূমিতে তা ছড়িয়ে পড়ে উদ্ভিদ, সাপ, ব্যাঙ, মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে কমলগঞ্জের কৃষি বিভাগের দুজন কর্মকর্তা বলেন, বাজারের চকচক করা টমেটো কিনে না খাওয়াই উত্তম। এমনকি এগুলো কেউ বিনা মূল্যে দিলেও নেওয়া ঠিক হবে না। তাঁরা আরও বলেন, মাঠপর্যায়ে পরিদর্শন করে তাঁরা দেখতে পেয়েছেন, কৃষকেরা যে কীটনাশক প্রয়োগ করেন, তা টমেটোর গায়ে লেগে আছে। এ ছাড়া এ সময় তাঁরা কীটনাশকের দুর্গন্ধও পেয়েছেন। এগুলো মুছতে না মুছতে আবারও কীটনাশক প্রয়োগ করা হয়।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন আহমদ বলেন, কৃষি বিভাগ থেকে নিয়মিত কৃষকদের সহনীয় পর্যায়ে সার ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের কীটনাশক ব্যবহারের পরিবর্তে জৈব সার, ফেরোমোন বড়ি এবং হাত দিয়ে পোকা দমনসহ যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।