হাওর অঞ্চলে ফসলে অপরিকল্পিতভাবে কীটনাশক ব্যবহার করা হয়েছিল। এই কীটনাশক পরে অকালবন্যার পানিতে মিশে হাওরের পানিকে বিষাক্ত করে ফেলে। আর বিষযুক্ত সে পানির কারণেই হাওর অঞ্চলের মাছ ও হাঁসের মৃত্যুর মড়ক লেগেছিল।
বাংলাদেশ রসায়ন সমিতি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানায়। হাওর অঞ্চল থেকে মাছ, পানি, পচা ধান, কচুরিপানা, মারা যাওয়া পাখিসহ ১৮টি নমুনার পরীক্ষা এবং তথ্য বিশ্লেষণ করে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটির প্রতিবেদনের ফলাফল সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এই সংবাদ সম্মেলন হয়।
প্রতিবেদনে বলা হয়, হাওরে অপরিকল্পিতভাবে প্রচুর পরিমাণে ইউরিয়া ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া বাঁধ ভেঙে উজানের ঢলের পানিতে কাঁচা ধান ডুবে পচে মিথেন গ্যাস তৈরি হয়। এতে হাওরের পানি বিষাক্ত হয়ে যায়।
গবেষক দলের এক সদস্য, ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন আহমেদ বলেন, হাওরে হাঁস ও মাছের মড়কের প্রধান কারণ অপরিকল্পিত আগাছানাশক ও কীটনাশক ব্যবহার।
হাওরে জলজ প্রাণীর মৃত্যুর কারণ বের করতে তিন সদস্যের এই ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’তে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন নীলুফার নাহার এবং আণবিক কমিশন ও নিউক্লিয়ার শক্তি কমিশনের সাবেক পরিচালক মোবারক হোসেন। তাঁরা গত ২৪ এপ্রিল সুনামগঞ্জের দেখা হাওর এলাকায় যান।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, হাওরে কোনো ইউরেনিয়ামঘটিত তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. আবদুল করিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আফতাব আলী শেখসহ রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তদন্ত প্রতিবেদন না দেওয়ায় অধ্যক্ষকে ৭ দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
একটি মামলার তদন্ত প্রতিবেদন যথাসময়ে আদালতে দাখিল না করায় বরগুনার তালতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাস গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খলিলুর রহমানের বিরুদ্ধে অপরাধ বিচিত্রা নামের একটি সাপ্তাহিক পত্রিকায় ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর ‘তালতলীতে ব্লাকমেইলিং চাঁদাবাজি, নইলে মামলা, খলিল মেম্বরের মরণফাঁদে এলাকাবাসী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় ওই বছরের ১১ নভেম্বর ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোর্শেদের বিরুদ্ধে খলিলুর রহমান বাদী হয়ে দণ্ডবিধি ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসরাফিল আলমকে দায়িত্ব দেন।
মামলার বাদী ২০১৬ সালের ১৫ মে তদন্ত কর্মকর্তা পরিবর্তন চেয়ে আদালতে আবেদন করেন। বিচারক তাঁর আবেদন মঞ্জুর করে অধ্যক্ষ হারুন অর রশিদকে ওই মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু হারুন অর রশিদ এক বছরেও কোনো তদন্ত প্রতিবেদন দেননি। এমনকি আদালতে সময় চেয়েও কোনো আবেদন করেননি। গতকাল ছিল ওই মামলার ধার্য তারিখ। মামলাটি কার্যতালিকায় থাকায় বিচারক বৈজয়ন্ত বিশ্বাস নথি খুলে দেখেন, তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করেননি এবং সময় চেয়েও কোনো আবেদন করেননি। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে দায়িত্ব পালনে অবহেলা প্রতীয়মান হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বিচারক একই আদেশে অধ্যক্ষ হারুন অর রশিদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার জন্য তালতলী থানার ওসি নির্দেশ দিয়েছেন।