অতিরিক্ত খরচ না দেওয়ায় সেচ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অতিরিক্ত সেচ খরচ না দেওয়ায় জমিতে সেচ বন্ধ করে দিয়েছেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত গভীর নলকূপের অপারেটর। উপজেলার শিবনগর ইউনিয়নের জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭৫ একর জমির ইরি ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ওই ঘটনায় ১৯ জন কৃষক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টায় এ বিষয়ে কথা হয় অভিযোগকারী কৃষক মো. আজিজার রহমান, শওকত আলী, মোশারফ হোসেন, জাকের আলী ও বাবু মণ্ডলের সঙ্গে। তাঁরা বলেন, উপজেলা সেচ কমিটি কর্তৃক নির্ধারিত সেচ চার্জ একরপ্রতি ৩ হাজার টাকা। কিন্তু ওই গভীর নলকূপের অপারেটর আতাউর রহমান কৃষকদের কাছে দাবি করেন একরপ্রতি ৪ হাজার ২০০ টাকা। ওই অতিরিক্ত খরচ না দেওয়ায় গত ৩০ মার্চ থেকে আতাউর প্রায় ৩২ জন কৃষকের ৭৫ একর জমিতে সেচ দেওয়া বন্ধ করে দেন। এতে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। এখানকার বেশির ভাগ জমিতেই ২৮ জাতের ধানের চাষ করা হয়েছে। এ ঘটনায় গত ৩০ মার্চ তাঁরা ১৯ জন কৃষক উপজেলা চেয়ারম্যান ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু গতকাল পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. হামিম আশরাফ গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ সময় জমিতে পানি না থাকলে ফলন ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে জানতে চাইলে আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ীই তিনি টাকা তুলছেন। অপারেটর নিয়ে বিরোধিতার কারণেই তাঁর বিরুদ্ধে কেউ কেউ মিথ্যা অভিযোগ করছেন।
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ফুলবাড়ী কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আজমল হক গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আতাউর তাঁদের অপারেটর না। তাঁদের বৈধ অপারেটর সাখাওয়াত হোসেন। অভিযোগকারীরাই সাখাওয়াতকে পরিবর্তন করে আতাউরকে অবৈধভাবে অপারেটর নিযুক্ত করেন। অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। দুই-এক দিনের মধ্যেই ওই সমস্যার সমাধান করা হবে।