জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার অধীন বালিঘাটা হাটের ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা (টোল) আদায়ের অভিযোগ উঠেছে।দরপত্র সূত্রে জানা গেছে, এ বছর (বাংলা বছর) বালিঘাটা হাট এক কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৫১১ টাকায় ইজারা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি গরু ও মহিষের ১৭০ টাকা এবং ছাগল ও ভেড়ার জন্য ৬৫ টাকা করে খাজনা আদায় করা যাবে। পরে জেলা প্রশাসনের সংশোধন করা দরপত্র অনুযায়ী গরু-মহিষের খাজনা ১৭০ টাকার স্থলে ২০০ টাকা এবং ছাগল-ভেড়ার ৬৫ টাকার স্থলে ৭০ টাকা করা হয়েছে।সরেজমিনে টোল আদায়কারী ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজারাদারেরা প্রতিটি গরু ও মহিষে ২৪০ টাকা এবং ছাগল ও ভেড়ায় ৮০-৯০ টাকা করে খাজনা আদায় করছেন। অন্য পণ্যসামগ্রীর ক্ষেত্রে তাঁরা তিন থেকে পাঁচ গুণ বেশি অর্থাৎ দুই টাকার স্থলে পাঁচ টাকা ও পাঁচ-ছয় টাকার স্থলে ১৫-২০ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে সাত-আট গুণ পর্যন্ত খাজনা আদায় করছেন।গাইবান্ধার পলাশবাড়ীর গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘প্রতিটি গরুর জন্য ২২০ থেকে ২৪০ টাকা করে খাজনা দিয়েছি।’ একই কথা বলেন বগুড়ার রায় মাঝিরা গ্রামের বাবুল হোসেন, আবুল হোসেন, হাছেন আলী, মহাস্থানগড়ের ফটু মিয়াসহ কয়েকজন।খাজনা আদায়কারী আবদুর রশিদ, মো. আহনুর রহমান ও মমতাজুর রহমান ২২০-২৪০ টাকা করে আদায়ের কথা স্বীকার করেছেন।তরকারির বিক্রেতা রতনপুর গ্রামের রুহুল আমিন বলেন, ‘খাজনা আদায়কারী আমার কাছ থেকে দুই টাকা খাজনার বদলে দুটি কুমড়া নিয়েছে, যার মূল্য ৩০ টাকা।’ উপজেলার বিন্নি গ্রামের জাকারিয়া ও জামাত আলী জানান, মালভর্তি গরুগাড়ি ও টমটমগাড়ির প্রতিটির খাজনার পরিমাণ চার-পাঁচ টাকা। কিন্তু আদায়কারীরা গাড়িপ্রতি খাজনা না নিয়ে বস্তাপ্রতি ১০ টাকা করে আদায় করেন। ইজারাদার ইদ্রিস আলী ফকির বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে গরু-মহিষ ও ছাগল-ভেড়ার খাজনার পরিমাণ বাড়িয়ে নেওয়া হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে আগে যেভাবে খাজনা আদায় করা হতো, এখনো তাই করা হচ্ছে। পৌর মেয়র হাবিবুর রহমান বলেন, শিগগিরই এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হবে।’ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হাসান ভূঁইয়া বলেন, দরপত্রের পর রেট বাড়ানোর ব্যাপারে নীতিমালায় কোনো বাধা নেই।রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।