অতিরিক্ত গাড়ির চাপে দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

কয়েক দিন আগে ঈদের ছুটি শেষ হয়েছে। অনেকের কাটানো বাড়তি ছুটিও শেষ হয়ে গেছে। তাই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার অসংখ্য মানুষের রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার কর্মস্থলে ফেরা অব্যাহত রয়েছে।

এসব যাত্রী বহন করা বাড়তি গাড়ির চাপে কয়েক দিন ধরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এখন গাড়ির দীর্ঘ সারি। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ গাড়ির সারি ফেরিঘাট থেকে মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার ছাড়িয়ে গেছে। এতে আটকা পড়ে ৮০০ থেকে ৯০০ যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা সংকটে বড় ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের অধিকাংশ গাড়ি নদী পার হতে দৌলতদিয়ায় আসছে। আবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি স্বল্পতার পাশাপাশি নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি স্বাভাবিকভাবে চলতে পারছে না। নদী পার হতে প্রতিটি ফেরির সময় লাগছে প্রায় দ্বিগুণ। এই নৌপথে ঈদের দিন পর্যন্ত ২০টি ফেরি চলাচল করলেও মঙ্গলবার ১৮টি ফেরি চলাচল করছে।

দৌলতদিয়া ঘাট দিয়ে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৪ হাজার যানবাহন নদী পার হয়, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বসে থাকা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ পরানকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আনার ব্যাপারে ঘাটসংশ্লিষ্ট স্থানীয় অনেকে মত দিয়েছেন।

যশোর থেকে সাধারণ পণ্য বোঝাই করে ঢাকার উদ্দেশে সোমবার সকালে ছেড়ে আসা ট্রাকের চালক (ঢাকা মেট্রো ট-১১-২০৭৬) রাসেল হোসেন জানান, সোমবার বিকেলে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। রাতে থাকার পর আজ সকালে ছেড়ে দিলেও ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে যানজটে আটকা পড়েন। বিকেল পাঁচটার পরও তাঁর গাড়ি ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আছে।

চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা যাত্রীবাহী রয়েল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৪-৯১১৬) চালক এনামুল হক বলেন, বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের অদূরে যানজটে আটকা পড়েন। ছয় ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ফেরির নাগাল পাননি। তাঁর মতে, পাঁচ শতাধিক যাত্রীবাহী বাস আটকে আছে, অন্যান্য গাড়ি তো আছেই।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঈদ-পরবর্তী গাড়ির বাড়তি চাপ, নদীতে প্রচণ্ড স্রোত ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত গাড়ির চাপ বেড়েছে। এই চাপ সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।