অতিরিক্ত জনসংখ্যার কারণে ঢাকার বাসযোগ্যতার উন্নতি হচ্ছে না

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ গবেষণা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৭২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬তম। গত বৃহস্পতিবার ২০২২ সালের প্রতিবেদনটি প্রকাশ করে ইআইইউ। প্রতিবেদন অনুযায়ী, বাসযোগ্যতার দিক দিয়ে শেষের দিক থেকে ঢাকা শহরের অবস্থান সপ্তম। এই প্রতিবেদনের প্রভাব এবং কেন বারবার ঢাকা শহর বাসযোগ্যতায় পিছিয়ে পড়ছে সেসব বিষয়ে কথা বলেছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিল মুহাম্মদ খান

প্রথম আলো: ইআইইউ-এর গবেষণা প্রতিবেদনের সঙ্গে আপনি একমত?

আদিল মুহাম্মদ খান: ইআইইউ-এর গবেষণা প্রতিবেদনের সঙ্গে আমি একমত। কারণ, আমরা যারা এই শহরে দীর্ঘদিন ধরে বাস করছি, তারা শহরের ক্ষয়িষ্ণু অবস্থা প্রত্যক্ষ করছি। শহরের নাগরিক ও পরিকল্পনাবিদ হিসেবে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে এই শহরের বাসযোগ্যতা তলানির দিকে। ইআইইউ-এর গবেষণায় বিভিন্ন শহরের মধ্যে তুলনামূলক একটি বিশ্লেষণ দেখা হয়। কিন্তু সার্বিক বিচারে এই শহরের বাসযোগ্যতা সব ধরনের সূচকই বিপর্যয়কর অবস্থায় আছে। বায়ুদূষণে আমরা সবচেয়ে নাজুক অবস্থায় আছি। যানজট, জলাবদ্ধতা আমাদের শহুরে জীবনকে বিপর্যস্ত করে রেখেছে।

প্রথম আলো: বাসযোগ্যতার বিচারে ঢাকার কেন উন্নতি হচ্ছে না?

আদিল মুহাম্মদ খান: নানা সূচক দিয়ে একটি নগরের বাসযোগ্যতার বিচার করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে শহরে কী পরিমাণ নাগরিক সুবিধা আছে এবং তার ভিত্তিতে কত সংখ্যক জনসংখ্যা ধারণ করছে। ঢাকা শহরের বেশির ভাগ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নাগরিক সুবিধা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পাশাপাশি নগরে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী জনঘনত্ব যত হওয়ার কথা তার চেয়ে তিন-চারগুণ জনসংখ্যা এই শহর ধারণ করছে। ফলে শহরে বাসযোগ্যতার উন্নতি হচ্ছে না। তবে নাগরিক সুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ দেখা যায় ও নতুন করে নাগরিক সুবিধা তৈরি করা হয়। কিন্তু নতুন সৃষ্টি সুবিধার চেয়েও কয়েকগুণ বেশি হারে নতুন মানুষ ঢাকা শহরে নানা প্রয়োজনে আসে। ফলে নাগরিক সুবিধা ও মোট জনসংখ্যার মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে না। এ ধরনের মেগাসিটিতে জনসংখ্যা যখন একটি নির্দিষ্ট সংখ্যার বেশি হয়ে যায়, তখন আর নতুন নাগরিক সুবিধা দিয়ে শহরের বাসাযোগ্যতা বাড়ানো যায় না। ঢাকা শহরের ক্ষেত্রেও তাই হয়েছে। ঢাকা শহরে জনসংখ্যার লাগাম না টেনে নতুন বিনিয়োগ করে বাসাযোগ্যতা বাড়ানো যাবে না।

প্রথম আলো: শব্দ দূষণের দিক দিয়ে বিশ্বের শীর্ষ শহরের একটি ঢাকা। শব্দ দূষণের জন্য অন্যতম দায়ী হাইড্রোলিক হর্ন। এটি বন্ধ করা কী খুব কঠিন কাজ?

আদিল মুহাম্মদ খান: কাজটি কঠিন নয়। তবে এ ক্ষেত্রে সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। আইন অনুযায়ী আমাদের দেশে, হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ এবং এর ব্যবহার করাও দণ্ডনীয়। এরপরও এর ব্যবহার হচ্ছে। এর পেছনে আছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ সংস্থাগুলোর আইন কার্যকরে কার্যকর উদ্যোগের অভাব এবং চালকদের মধ্যে অসচেতনতা। হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে সবার আগে প্রয়োজন এর আমদানি ও বিপণন বন্ধ করা। আমরা দেখেছি এই মৌলিক জায়গায় হাত দেওয়া হয় না, যারা হর্ন বাজাচ্ছেন তাদের শাস্তি দেয়। আমদানি-বিপণন বন্ধ করতে পারলে হাইড্রোলিক হর্নের ব্যবহার স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যেত।

প্রথম আলো: পরিচ্ছন্ন শহর গড়তে ঢাকায় এক সময় রাস্তায় রাস্তায় ‘বিন’ বসানো হয়েছিল। এখন এর কিছুই নেই। পরিচ্ছন্ন শহর গড়ার বিষয়টি মেয়রদের অগ্রাধিকারের মধ্যে আছে কিনা?

আদিল মুহাম্মদ খান: পরিচ্ছন্নতার দিক দিয়ে খুব বেশি উদ্যোগ আছে, তা বলা যায় না। পুরো শহর পরিচ্ছন্ন রাখা একা মেয়রদের পক্ষে সম্ভব নয়। এ জন্য জনসাধারণকে এগিয়ে আসতে হবে। ঢাকার দুই মেয়র জনসাধারণকে এ ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারেন। বৃহৎ আকারে পরিচ্ছন্ন শহর গড়তে একটি ব্যবস্থাপনাগত মহাপরিকল্পনা প্রয়োজন। যাতে সব ধরনের অংশীজনদের সম্পৃক্ততা থাকবে। তা না হলে বিচ্ছিন্নভাবে বিন বসিয়ে এবং এসটিএস করে পুরো শহর পরিচ্ছন্ন করা যাবে না। বিন বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে যথাস্থানে বিন বসানো হয়নি এবং এগুলো তত্ত্বাবধানের সঙ্গে স্থানীয় লোকজনের সম্পৃক্ততা ছিল না। ফলে এই উদ্যোগ টেকসই হয়নি। আয়ের দিক দিয়ে আমরা বিশ্বে উন্নয়নশীল শহর হতে পারি। কিন্তু পরিচ্ছন্ন শহর গড়তে যে পরিমাণ আগ্রহ দরকার সেটি নেই। আমাদের দেশের মতো বিশ্বে যে দেশগুলো আছে সেসব দেশের শহরগুলো পরিচ্ছন্নতার দিক দিয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে।

প্রথম আলো: বাসযোগ্যাতায় উন্নত গণপরিবহন একটি গুরুত্বপূর্ণ সূচক। ঢাকায় এখনো ফিটনেসবিহীন অসংখ্য বাস চলে, যেগুলো পরিবেশ দূষণ করছে। সড়কে বিশৃঙ্খলার জন্য এগুলো দায়ী। সরকার কী এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে?

আদিল মুহাম্মদ খান: বাসযোগ্য শহরের ক্ষেত্রে উন্নত গণপরিবহন অপরিহার্য। আমাদের কৌশলগত পরিবহন পরিকল্পনাতেও (এসটিপি) গণপরিবহনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সরকার অবকাঠামো খাতে বেশি গুরুত্ব দিয়েছে। গণপরিবহনের গুরুত্ব তুলনামূলকভাবে পেছনে চলে গেছে। এসটিপিতে কোম্পানিভিত্তিক বাস চালানোর মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বলা হয়েছিল। কিন্তু এটি দীর্ঘদিন গতি পায়নি। সাম্প্রতিক সময়ে ঢাকার দুই মেয়রের উদ্যোগে ‘ঢাকা নগর পরিবহন’ চালু করা হয়েছে। কিন্তু এই সেবা চাহিদার তুলনায় অপ্রতুল। গণপরিবহন ব্যবস্থার সংস্কার করে ঢাকা নগর পরিবহনের মতো ব্যবস্থা চালু করার ক্ষেত্রে সরকার বিভিন্ন বাস মালিকদের কাছে জিম্মি দশায় থাকে। এই শহরকে বাঁচাতে গেলে বড় রাস্তায় উন্নতমানের বাস এবং কমিউনিটি পর্যায়ে মানসম্পন্ন প্যারা ট্রানজিট ব্যবস্থা চালু করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাতে সে অর্থে কাজ করা হয়নি। সংশ্লিষ্টদের মেগা প্রকল্পেই আগ্রহ বেশি। ফলে ঢাকায় টেকসই গণপরিবহন ব্যবস্থা কার্যকর হয়নি। এটি না হলে ঢাকার বাসযোগ্যতা বাড়বে না।

প্রথম আলো: বাসযোগ্যতায় মানসম্মত শিক্ষাও একটি গুরুত্বপূর্ণ সূচক। ঢাকায় অনেক নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তাহলে এই সূচকে ঢাকার নম্বর কম কেন?

আদিল মুহাম্মদ খান: ঢাকা শহরে বেশ কিছু মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান আছে, এটি সত্য। কিন্তু শিক্ষার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে ঢাকা শহরের মোট জনসংখ্যার তুলনায় মান সম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা খুব কম। নগর-পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী, প্রতি ৫০০০ মানুষের জন্য একটি করে স্কুল দরকার, যার একটি সুন্দর খেলার মাঠও থাকবে। এই বিবেচনায় ঢাকা শহরে শিক্ষার সূচকে ব্যাপক ঘাটতি আছে। ফলে ঢাকা শহরের নম্বর কমে যাচ্ছে।

প্রথম আলো: বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে থাকা ১০টি দেশের মধ্যে অবকাঠামো খাতে ঢাকা শহরের অবস্থা সবচেয়ে খারাপ। সরকার কী এ খাতকে গুরুত্ব দিচ্ছে না?

আদিল মুহাম্মদ খান: ঢাকা শহরের অবকাঠামো খাতে সরকার গুরুত্ব দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে ধরনের অবকাঠামো বেশিসংখ্যক মানুষকে সেবা দেবে সেই অবকাঠামো হচ্ছে কিনা। এ ছাড়া ঢাকায় অধিক জনসংখ্যা হওয়ায় যে অবকাঠামো গড়া হচ্ছে সেটিও পরিকল্পনা মানদণ্ড অনুযায়ী যথেষ্ট নয়। এতে অবকাঠামোর সূচকেও ঢাকা শহর পিছিয়ে পড়ছে।

প্রথম আলো: ঢাকা যে বারবার বাসযোগ্যতাহীন শহর হিসেবে চিহ্নিত হচ্ছে এর অর্থনৈতিক প্রভাব কেমন? বিদেশি বিনিয়োগ ও পর্যটক আসার ক্ষেত্রে এই প্রতিবেদন কোনো প্রভাব ফেলে কিনা?

আদিল মুহাম্মদ খান: অবশ্যই প্রভাব ফেলে। মূলত এই ধরনের প্রতিবেদন করাই হয় বিদেশ থেকে যারা বিনিয়োগ, ব্যবসা বা পর্যটনের জন্য ঢাকায় আসবেন তাদের কথা মাথায় রেখে। এর অর্থ হচ্ছে এ ধরনের গবেষণা প্রতিবেদনের ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।

প্রথম আলো: ধন্যবাদ।
আদিল মুহাম্মদ খান: আপনাকেও ধন্যবাদ।

আরও পড়ুন