মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের কোচিং ফি আদায় করা থেকে বিরত থাকার জন্য আদেশে বলা হয়েছে।
আদেশে বলা হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ছাত্রছাত্রীকে ২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষা থেকে কোনো অজুহাতে বিরত রাখা যাবে না। বোর্ড নিধারিত ফি আদায় করে তাদের পরীক্ষার সুযোগ দিতে হবে।
নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে বিবাদীদের দাখিল করতে বলে ওই দিন পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। ‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে ১০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন।
রুলে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের কাছে থেকে ফরম পূরণ বাবদ বাড়তি টাকা আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং বাড়তি ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।