অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ নানা অজুহাতে এ টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় জানায়, উপজেলার পাঁচটি দাখিল মাদ্রাসা ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এক হাজার ২৮৭ জন জেএসসি ও জেডিসি পরীক্ষা দেবে। ১৩ আগস্ট ফরম পূরণের কাজ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বিলম্ব ফিসহ ফরম পূরণের শেষ দিন ছিল।
অভিভাবকেরা অভিযোগ করেন, শিক্ষা বোর্ড জেএসসি ও জেডিসি পরীক্ষার ফি ২৮০ টাকা নির্ধারণ করে দিয়েছে। অথচ উপজেলার সব বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরা শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে ২৫০ থেকে ২৭০ টাকা বেশি আদায় করছেন।
নিকলী জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ কুমার সাহা ও নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন জানান, পরীক্ষার আগে দু-তিনবার ঢাকা যেতে এবং পরীক্ষা পরিচালনা করতে খরচ লাগে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে ৫৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এ উপজেলা ছাড়াও দেশের অন্য উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও বেশি টাকা আদায় করছে।
মহরকোনা আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাহবুবুর রহমান জানান, তাঁরা পরীক্ষার্থীদের কাছ থেকে ৪০০ টাকা করে নিয়েছেন। কম্পিউটার কম্পোজসহ নানা খাতে খরচ হওয়ায় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবীব বলেন, ‘এ বিষয়ে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনার সত্যতা মিললে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’