অতিরিক্ত টাকা নিচ্ছেন নলকূপমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে গভীর নলকূপ ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানোর অজুহাত ও সেচ কমিটির নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে নলকূপের মালিকেরা এই বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দিনাজপুর কৃষি কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলায় ১৬ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলায় বিদ্যুৎ-চালিত গভীর নলকূপ রয়েছে ৩৪৪টি।
উপজেলা সেচ কমিটির সদস্যসচিব ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ-চালিত গভীর নলকূপে প্রতি একরে সেচমূল্য দুই হাজার ৭০০ টাকা নির্ধারণ করা রয়েছে। সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নলকূপের মালিকেরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করতে পারবেন না।
সরেজমিনে বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার অধিকাংশ গভীর নলকূপের মালিক প্রতি একরে সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৯০০ টাকা করে বেশি নিচ্ছেন। বিদ্যুতের দাম বাড়ানোর অজুহাতে তাঁরা এই বাড়তি টাকা নিচ্ছেন বলে কৃষকেরা অভিযোগ করেছেন। কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামের হাসান আলী, ইউনুস আলীসহ বেশ কয়েকজন কৃষক বলেন, ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মকসেদ আলী একরপ্রতি সেচমূল্য নেন তিন হাজার ৬০০ টাকা।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির বিরামপুর উপজেলা শাখার সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, এলাকার কৃষকেরা সেচ কমিটি কর্তৃক নির্ধারিত সেচ খরচ সম্পর্কে অবগত নন। আর এই সুযোগ কাজে লাগিয়ে নলকূপের মালিকেরা ইচ্ছামতো সেচ খরচ আদায় করছেন।
পৌর শহরের দাশআড়া গ্রামের শাহিনুর মিয়া, মনিরুজ্জামান, মিরপুরের খলিলুর রহমান, আলাউদ্দিনসহ কয়েকজন জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের অধীনে চালিত গভীর নলকূপের ব্যবস্থাপক ভবানীপুর মাদ্রাসার সুপার গোলজার হোসেন একরপ্রতি সেচমূল্য নেন তিন হাজার থেকে তিন হাজার ৩০০ টাকা।
গোলজার হোসেনসহ গভীর নলকূপের অন্য মালিকেরা জানান, সব জমিতে সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হয় না। যেসব জমি গভীর নলকূপ থেকে দূরে অবস্থিত, সেসব জমিতে কৃষকদের সঙ্গে পরামর্শ করেই দু-এক শ টাকা বেশি নেওয়া হয়। হামিদুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়ের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।