অতিরিক্ত টাকা নিয়েও তথ্য পূরণে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে চাকরিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন বাবদ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যসেবাকেন্দ্রে প্রায় ৩০ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার পরও কমপক্ষে দুজনের ফরম পূরণে ভুল করার অভিযোগ পাওয়া গেছে।
বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী শ্রমিকদের জন্য গত ২২ সেপ্টেম্বর থেকে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মোক্তারপুর ইউপির তথ্যসেবাকেন্দ্রের পরিচালক (উদ্যোক্তা) মো. ওসমান খান তথ্য ফরম সরবরাহ করছেন। আর ফরম পূরণ করে আনার জন্য আবেদনকারীদের পাঠাচ্ছেন ওই ইউপির কর্মচারী ঊষা রাণী সরকার ও পরেশ চন্দ্র বিশ্বাসের কাছে। এ সময় আবেদনকারীদের কাছ থেকে সরকার-নির্ধারিত নিবন্ধন ফি বাবদ ১৫০ টাকা ও ফরম পূরণে সহায়তা করার জন্য ১০০ টাকা আদায় করা হয়। এ ছাড়া খসড়া (নমুনা) তথ্য ফরম পূরণের জন্য অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করা হয়। ওসমান ওই ফরম দেখে দেখে অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন।
ওই দিনই তথ্যসেবাকেন্দ্রে ভুল সংশোধনের জন্য এসেছিলেন স্থানীয় রাথুরা গ্রামের তৈমুর রহমান ও বরাইদ গ্রামের অপু বিশ্বাস। দুজনই বৃহস্পতিবার ৩৫০ টাকা খরচ করে ওই কেন্দ্র থেকে নিবন্ধন ফরম পূরণ করে প্রিন্ট নেন।
তৈমুর বলেন, ‘বাসায় গিয়ে দেখি মায়ের নামের বানান ভুল করা হয়েছে।’ অপু বিশ্বাস বলেন, নিবন্ধনপত্রে তাঁর নাম অপু নিশ্বাস করা হয়েছে। ভুলের ব্যাপারে ঊষা রাণী বলেন, ‘হয়তো কম্পিউটারে এন্ট্রি করার সময় ওসমান খান ভুল অক্ষর টিপেছেন। এর দায়-দায়িত্ব তাঁর, আমাদের নয়।’
অভিযোগ অস্বীকার করে ওসমান খান বলেন, ‘নমুনা ফরমে তাঁরা (ঊষা ও পরেশ) যা লিখে দিয়েছেন, আমি কম্পিউটারে তাই এন্ট্রি করেছি। প্রয়োজন হলে তাঁদের আবেদনপত্র শুদ্ধভাবে পূরণ করে ঢাকায় পাঠানো হবে।’ অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘যাঁরা নমুনা ফরমে তথ্য লিখেছেন, তাঁরা নিলে আমার কিছু করার নেই।’
ইউএনও কামরুল আহসান তালুকদার বলেন, সরকারি নিবন্ধন বাবদ ১৫০, ফরম পূরণে সহায়তা করতে আরও ১০০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও এর বেশি টাকা নেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।