অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শহরের চৌরাস্তা মোড় ও প্রেসক্লাব চত্বরে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলে। এ সময় বক্তব্য দেয় নাসরিন জাহান, রাশিদা খাতুন, আরিফুল ইসলাম, প্রতীকগুণ, নবকুমার কর্মকার, সবুজ খন্দকার প্রমুখ।
বক্তারা বলে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজসহ বিভিন্ন বেসরকারি কলেজে সাকল্যে দুই থেকে আড়াই হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অথচ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ কর্তৃপক্ষ এককভাবে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ৪ হাজার ৯০০ টাকা আদায় করছে। এ বিষয়ে অধ্যক্ষের কাছে একাধিকবার আবেদন করা হলেও কোনো প্রতিকার মেলেনি। বিষয়টি সমাধানের জন্য তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।