অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। একই সঙ্গে শ্রমিক লীগ পৌরসভার কাছে টোল নির্ধারণ করার দাবি জানিয়েছে।

গতকাল দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় পৌর মঞ্চে বিক্ষোভকারীরা সমাবেশে মিলিত হন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি এলাহী মো. নাসিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. ইছা, শামসুউদ্দীন ঢালী, আলমগীর হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা টোল কমানোর দাবিতে পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আঞ্জুমানারা করুণার কাছে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভার ভেতরে যানবাহনের কোনো স্ট্যান্ড নেই। গাড়িপ্রতি কত টাকা টোল হবে, তা-ও নির্ধারণ করা নেই। পৌরসভা থেকে ইজারা নিয়ে ইচ্ছেমতো ইজিবাইক, ভাড়ার মোটরসাইকেল, টমটমসহ প্রতিটি গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন ইজারাদাররা। এ সমস্যা সমাধানে শ্রমিকনেতারা অবিলম্বে কোন গাড়ির জন্য কত টাকা টোল হবে, তা নির্ধারণ করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাইরে থেকে আসা প্রতিটি ইজিবাইকের কাছ থেকে ৫০ ও মোটরসাইকেলের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করছেন ইজারাদার। কিন্তু নিয়মানুযায়ী ইজিবাইকের কাছ থেকে ৩০ ও মোটরসাইকেলের কাছ থেকে ১২ টাকা নেওয়ার কথা।

এ ব্যাপারে আঞ্জুমানারা করুণা বলেন, পৌরসভার কাউন্সিলর এবং শ্রমিকনেতাদের নিয়ে জরুরি সভা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।