অতিরিক্ত টোল প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইওভারে অতিরিক্ত টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সংগঠন। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওই টোল নেওয়ার প্রতিবাদে গত সোমবার সকাল সোয়া ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
অতিরিক্ত টোল আদায় করা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি। এর আগে একই দাবি জানায় নারায়ণগঞ্জ নাগরিক কমিটি নামের আরেকটি সংগঠন।
আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূরউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক মাহবুবুর রহমান, গণফোরামের জেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমানসহ কাজী মনির হোসেন, সিটি করপোরেশনের কাউন্সিলর শারমিন হাবিব, সংগঠক আলেয়া সারোয়ার।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন ফ্লাইওভার উদ্বোধন হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন পথের যাত্রীরা রাজধানীর যাত্রাবাড়ীর ভয়াবহ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু বাসগুলো থেকে অতিরিক্ত টোল আদায় করায় পরিবহনশ্রমিকেরা প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০ টাকা করে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এটা যাত্রীদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা। তাই অতিরিক্ত টোল শিগগিরই প্রত্যাহার করতে হবে।