অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি হাসান-উল হায়দারকে বাধ্যতামূলক দুই মাসের ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। তবে এ বিষয়ে কিছুই জানত না পুলিশ সদর দপ্তর। সদর দপ্তরের কর্মকর্তারা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান-উল হায়দারকে গুরুতর অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ অনুযায়ী ২৯ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।
এদিকে পুলিশ বাহিনীতে সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে হাসান-উল হায়দারের সুনাম রয়েছে। তাঁর সাবেক ও বর্তমান একাধিক সহকর্মী প্রথম আলোকে বলেছেন, তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের একজন সহকারী মহাপরিদর্শক বলেন, এই ঘটনায় পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিস্মিত। পুলিশ সদর দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও করা হয়নি। কিসের অভিযোগে এই শাস্তি তাও তাঁরা জানেন না।