অতিরিক্ত ডিআইজিসহ ৪৩০টি নতুন পদ সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাংগঠনিক কাঠামোয় আরও ৪৩০টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সহকারী পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার পর্যন্ত মোট ২০ জনের নতুন পদ সৃষ্টি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএমপির সাংগঠনিক কাঠামোয় নতুন একজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), চারজন পুলিশ সুপার বা উপকমিশনার, ১২ জন অতিরিক্ত উপকমিশনার এবং তিনজন সহকারী কমিশনার যুক্ত হবেন। সূত্র জানায়, বিদ্যমান কাঠামোয় ডিআইজি পদবির একজন পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি পদবির একজন অতিরিক্ত কমিশনার, ছয়জন উপকমিশনার, দুজন অতিরিক্ত উপকমিশনার এবং ২০ জন সহকারী কমিশনার দায়িত্ব পালন করছেন। সিএমপির সদস্যসংখ্যা প্রায় সাড়ে চার হাজার। নতুন সাংগঠনিক কাঠামোয় ৫২টি হাবিলদার পদের বিলুপ্তি ঘটানো হয়েছে। পুরোনো জনবলের সঙ্গে শিগগির যুক্ত হচ্ছেন আরও ৪৩০ জন।এ প্রসঙ্গে পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ১৯৭৮ সালে সিএমপির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। এরপর মহানগরে জনসংখ্যা অনেক বেড়েছে। কিন্তু পুলিশের জনবল বাড়ানো হয়নি। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সমন্বয় আনতে পুলিশের জনবল বাড়ানো অনিবার্য হয়ে পড়ে। ৩৩ বছর পর জনবল বাড়িয়ে সিএমপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে, যা শিগগির কার্যকর হবে।