অতিরিক্ত দাম দিয়েও জ্বালানি মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম বৃদ্ধির পর বরগুনায় পেট্রল, ডিজেল, অকটেন ও কেরোসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। এ সুযোগে সরকারনির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতি লিটার পেট্রল ৮৭ টাকা হলেও কয়েক দিন ধরে তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায় এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৫৬ টাকার জায়গায় বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শনের কোনো ব্যবস্থা না থাকায় মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি শুরু করেন। গাড়ির মালিক ও চালকদের অভিযোগ, এত দিন সরকারনির্ধারিত মূল্যের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি মূল্যে পেট্রল ও ডিজেল কেনা গেলেও গত বৃহস্পতি ও শুক্রবার বরগুনায় তা পাওয়াই যায়নি। জ্বালানি তেলের বেশির ভাগ দোকান বন্ধ ছিল। দু-একটি দোকান খোলা থাকলে তারা প্রতি লিটার পেট্রল ১২০ টাকায় বিক্রি করেছে। বরগুনার একমাত্র ফিলিং স্টেশন এসঅ্যান্ডবি ফিলিং স্টেশনে কোনো জ্বালানি তেল পাওয়া যায়নি। একইভাবে জেলার অন্যান্য উপজেলায়ও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।মাইক্রোবাসের চালক মো. রাসেল জানান, জ্বালানিসংকটের কারণে গাড়ি বের করতে পারছেন না তিনি। অতিরিক্ত দাম দিয়েও দুই দিনে ডিজেল ও পেট্রল পাওয়া যায়নি। ফিলিং স্টেশন এসঅ্যান্ডবির মালিক সাম্য দাস বলেন, ডিপোয় তেল না থাকায় এ সংকট দেখা দিয়েছে। দু-এক দিনের মধ্যেই এ সংকট নিরসন হবে বলে ডিপো থেকে জানানো হয়েছে।