অতিরিক্ত দামে মুরগির বাচ্চা না কেনার সিদ্ধান্ত
সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চা না কেনার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ পোলট্রি রক্ষা জাতীয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতারা। গত বুধবার রাতে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান। তাঁরা গতকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসিম মৃধা জানান, ৩১ মে মুরগির বাচ্চা ও ডিমের মূল্য নির্ধারণসংক্রান্ত সরকারি স্থায়ী কমিটির সভায় প্রতিটি এক দিনের ব্রয়লার বাচ্চার মূল্য ৩০ টাকা ও লেয়ার বাচ্চার মূল্য ৩২ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু হ্যাচারির মালিকেরা সরকারি সিদ্ধান্ত অগ্রাহ্য করে বর্তমানে এক দিনের বাচ্চা প্রতিটি ৭০ টাকা দরে বিক্রি করছে। এ অবস্থায় জেলার তিন হাজার পোলট্রি ব্যবসায়ীর মধ্যে প্রায় দুই হাজার ব্যবসায়ী পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।