অতিরিক্ত দায়িত্ব আর ভারপ্রাপ্ত দিয়ে চলছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আলোচিত নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনার পর পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হালিমকে বদলি করা হয়েছিল ভোলার মনপুরা উপজেলায়। প্রায় ছয় মাস পর গত ১৩ এপ্রিল তাঁকে বদলি করা হয় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে। চরফ্যাশনের ইউএনও নূর-ই-আলমকে অতিরিক্ত হিসেবে মনপুরার ইউএনওর দায়িত্বও দেওয়া হয়। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মতো কাউকে না পেয়ে হালিম এক সপ্তাহেরও বেশি সময় অপেক্ষা করে কার্যালয়ের এক কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে মনপুরা ছাড়েন।এসব জানালেন মনপুরার সদ্য বিদায়ী ইউএনও আবদুল হালিম। জানা গেছে, মনপুরায় উপজেলা প্রশাসনে বেশির ভাগ পদ চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এবং ভারপ্রাপ্ত দিয়ে। ফলে প্রশাসনের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘পদোন্নতি বা শাস্তিমূলক বদলি ছাড়া মনপুরায় কোনো কর্মকর্তা আসেন না। উপজেলা প্রশাসনে মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব উন্নয়ন ও প্রকৌশল বিভাগ ছাড়া অন্য কোনো দপ্তরে পূর্ণকালীন কর্মকর্তা নেই।’চারটি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলায় জনসংখ্যা প্রায় দেড় লাখ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় এখানে রয়েছে নানা সমস্যা। কিন্তু অনেক পদে পূর্ণকালীন কর্মকর্তা না থাকায় সমস্যা আরও বাড়ছে।সম্প্রতি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সরেজমিনে গিয়ে অধিকাংশ দপ্তরে কর্মকর্তার দেখা মেলেনি। কোনো কোনো কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। কোনো কার্যালয় খোলা থাকলেও ভেতরে লোকজন দেখা যায়নি। জানতে চাইলে সংশ্লিষ্ট কার্যালয়ের পিওনরা জানান, ‘স্যার বাইরে গেছেন’ বা ‘স্যার এ সপ্তাহে আসবেন না’। জানা যায়, অতিরিক্ত হিসেবে এ উপজেলায় দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের কেউ সপ্তাহে, আবার কেউ মাসে একবার মনপুরায় আসেন। কেউ আসেন কাজ থাকলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এটা আসলেই কষ্টের জায়গা। শাস্তিমূলক বদলি ছাড়া কেউ আসেন না। যোগদান করেই সবাই চিন্তা করেন, কবে শাস্তির মেয়াদ শেষ হবে।’জানা যায়, নূর-ই-আলম অতিরিক্ত হিসেবে মনপুরার ইউএনওর দায়িত্ব পাওয়ার পর এখানে মাঝে মাঝে অফিস করেন। ইউএনও পদাধিকারবলে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে থাকেন। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা দৌলতখানের সংশ্লিষ্ট কর্মকর্তা মাসে একবার আসেন। উপজেলা খাদ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বোরহানউদ্দিনের কর্মকর্তা। তিনি নিয়মিত মনপুরায় যেতে পারেন না বলে কাজ চালাতে হচ্ছে সহকারী কর্মকর্তা দিলীপ কুমারকে।দীর্ঘদিন ধরে শূন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাজ চালাচ্ছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম। জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন। সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে আছেন চরফ্যাশনের সমাজসেবা কর্মকর্তা। চরফ্যাশনের সাবরেজিস্ট্রার আবুল কালাম আজাদ অতিরিক্ত হিসেবে মনপুরারও ওই পদে আছেন। অফিস করেন সপ্তাহে এক দিন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রূপক পাল কাজ থাকলে মনপুরায় আসেন। প্রাণিসম্পদ বিভাগের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বোরহানউদ্দিনের পার্থসারথি দত্ত। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তজুমুদ্দিনের সিরাজুল ইসলাম সিদ্দিকী। মৎস্য কর্মকর্তার দায়িত্বে আছেন সহকারী মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস। পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তার পদ খালি, সহকারী কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এ দায়িত্বে রয়েছেন।পল্লী উন্নয়ন বোর্ডের জুনিয়র কর্মকর্তা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা না থাকায় কার্যক্রমে অনেক সমস্যা দেখা দেয়। ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা কর্মকর্তা অনেক কাজই করতে পারেন না।’মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা না থাকলে আমাদের অনেক সমস্যা হয়। এখন ইউএনওকে পেতে হলে চরফ্যাশনে যেতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। জরুরি কাজ করা যায় না।’ মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির আহম্মদ মিয়া বলেন, ‘এখানে প্রশাসন নেই বললেই চলে। প্রশাসন থেকে মানুষ কোনো সেবাই পায় না। প্রশাসনকে সক্রিয় করতে হলে অতিরিক্ত ভাতা দিয়ে পূর্ণকালীন কর্মকর্তাদের মনপুরায় পাঠাতে হবে।’মনপুরার উপজেলা প্রশাসন প্রসঙ্গে ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘বিচ্ছিন্ন এলাকা হিসেবে মনপুরা উপজেলা প্রশাসনের সব কার্যালয়ে সার্বক্ষণিক কর্মকর্তা থাকা প্রয়োজন। না থাকায় কার্যক্রম চালাতে অনেক সমস্যা হচ্ছে।’