অতিরিক্ত নিবন্ধন ফি ফেরতের দাবি
কেরানীগঞ্জে অতিরিক্ত নিবন্ধন ফি ফেরতের দাবিতে বিক্ষোভ করেছে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা পি এম পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে তারা।
পরীক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষার নিবন্ধন ফি প্রায় ১ হাজার ৪০০ টাকা হলেও কর্তৃপক্ষ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে সেশন ফি, কোচিং ফি ও মডেল টেস্টের নামে ৪ হাজার ৭০০ টাকা আদায় করেছে। তিন মাসের কোচিং ফি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র এক মাস কোচিং করিয়েছে।
বিজ্ঞান বিভাগের পরিক্ষার্থী সাইফুল ইসলাম বলে, ‘কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নিবন্ধন ফির সঙ্গে তিন মাসের কোচিং ফি নিয়েছে। কিন্তু তারা এক মাসের বেশি আমাদের কোচিং করায়নি।’
প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা পরিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা আদায় করিনি।’ তবে অভিভাবকেরা যদি মনে করেন তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে, তবে তা অভিভাবকদের সঙ্গে বসে নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজা বেগম জানান, আইন অমান্য করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ডের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছে, সেসব প্রতিষ্ঠানকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।