অতিরিক্ত পরিশ্রমে সিইসি ক্লান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, জনসমর্থন বাড়লেও সাংগঠনিক দুর্বলতার কারণে দলটি বিএনপির চেয়ে কম উপজেলায় জিতেছে। ক্ষমতাসীন দলের পক্ষে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও স্বাভাবিক। তবে পরবর্তী ধাপে আরও বেশি একক প্রার্থী নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।
গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ছুটিতে থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘অনেক দিন ধরে তিনি (সিইসি) ছুটি চাচ্ছিলেন। অতিরিক্ত পরিশ্রমে তিনি ক্লান্ত-পরিশ্রান্ত। তিনি না থাকলেও আরও চারজন কমিশনার আছেন। তাঁরা কাজ চালিয়ে যেতে পারবেন। তাঁর সঙ্গে কমিশন ও আমাদের যোগাযোগ আছে।’
দেশের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক আক্রমণ হয়েছে বলে দাবি করেন এইচ টি ইমাম। তিনি বলেন, ‘প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলেই আমাদের প্রার্থীরাও রেহাই পায়নি।’ তিনি দাবি করেন, ‘আমরা কোনো স্থানে হস্তক্ষেপ করিনি। তাহলে ম্যাজিস্ট্রেটদের বদলি করাসহ অনেক কিছুই করতে পারতাম।’
গত দুই ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তথ্য তুলে ধরে এইচ টি ইমাম জানান, প্রথম পর্বের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মোট ৫৪ শতাংশের বেশি ভোট পায়। দ্বিতীয় পর্বে প্রায় ১ কোটি ভোটের মধ্যে ৫৩ লাখের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে। তিনি বলেন, বিএনপি দাবি করে উপজেলা নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু হয়েছে উল্টোটা। জনপ্রিয়তা, জনসমর্থন বেড়েছে আওয়ামী লীগের। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশের পর থেকে একের পর এক সহিংস ঘটনার কারণে বিএনপির জনসমর্থন কমেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে আবদুস সোবহান গোলাপ, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।