অতিরিক্ত পুলিশ নেই খালেদার বাসার সামনে

গুলশানে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য তুলে নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে গুলশানের ৭৯ নম্বর সড়কে বিরোধীদলীয় নেতার বাসার মামনে গিয়ে এই দৃশ্য দেখা গেছে। নিয়মিত নিরাপত্তাকর্মীরাই শুধু সেখানে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অলস সময় কাটাতে দেখা গেছে।
বিরোধীদলীয় নেতার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, আজ শেষ রাতের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা অতিরিক্ত সদস্যদের ফিরিয়ে নেওয়া হয়।
বাসার পাশাপাশি গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধীদলীয় নেতার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে বাইরের কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। সেখানে দায়িত্বপালনকারী একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত খালেদা জিয়ার বাসভবন ও অফিসে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। যাঁরাই চেষ্টা করবেন, তাঁদের গ্রেপ্তার করা হবে। কেবল সংবাদকর্মীরাই সেখানে সংবাদ সংগ্রহের কাজে আসা-যাওয়া করতে পারবেন।
অবশ্য রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধিদল এবং চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেন।