ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী পাঁচ শতাধিক বাস দৈনিক ১৫ লাখ টাকা হিসেবে বছরে ৫৪ কোটি ৭৫ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে। একটি বিশেষ গোষ্ঠী বছরের পর বছর ধরে যাত্রীদের জিম্মি করে সাধারণ যাত্রীদের কাছ থেকে এ অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। অবিলম্বে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের পরিবহন খাতটি দীর্ঘদিন ধরেই এক অরাজক পরিস্থিতির মধ্যে পরিচালিত হচ্ছে। বেসরকারি বাসমালিক কর্তৃপক্ষ এখানে তাঁদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করে। ২০১১ সালের মে মাসে মালিকপক্ষ ঢাকা থেকে নারায়ণগঞ্জের একটি মিথ্যা দূরত্বের কথা বলে বাসভাড়া ২২ টাকা থেকে বৃদ্ধি করে ৩০ টাকা করে। পরে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ ২০১১ সালের ১৮ মে প্রজ্ঞাপনের মাধ্যমে একটি বাস ভাড়া নির্ধারণ করে দেয়। এর পর সাধারণ যাত্রীদের আন্দোলনের ফলে মালিক কর্তৃপক্ষ ৩০ টাকাকে দুই দফায় কমিয়ে প্রথমে ২৮ টাকা ও পরে ২৭ টাকায় নির্ধারণ করে। যদিও তখন এই ভাড়া ছিল সরকারের নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি। এর ছয় মাস যেতে না যেতেই আবার তারা তেলের দাম বৃদ্ধির অজুহাতে দেখিয়ে ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩০ টাকায় উন্নীত করে। অথচ ডিসেম্বর ২০১১ এ তেলের দাম বৃদ্ধির সময় সরকার পরিবহনের ভাড়া বাড়বে না বলে ঘোষণা দেয় এবং পূর্বের ভাড়াই বহাল রাখতে নির্দেশ প্রদান করে।
সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি কীভাবে বাস মালিক কর্তৃপক্ষ সাধারণ যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে তার একটি হিসাব দেখান। সেখানে তিনি বলেন, ২০১৩ এর অক্টোবরে মেয়র হানিফ ফ্লাইওভার চালু হলে ফ্লাইওভারের টোল জন প্রতি পাঁচ টাকা যোগ করে ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। অথচ ফ্লাইওভারটি চালু হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব আগের চেয়ে দেড় কিলোমিটার কমে যায়। সরকারের নির্ধারিত হারে তখন ভাড়া হয় ২৮.২৫ টাকা। কিন্তু যাত্রী প্রতি ছয় দশমিক ২৫ টাকা বেশি ভাড়া আদায় করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন করে ভাড়া বৃদ্ধির অর্থ হচ্ছে এত দিনের লুটপাটের অঙ্ক আরও বৃদ্ধি করা। নতুন করে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং সেই সঙ্গে স্থানীয় আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসককে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাসদের জেলার সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পাটির জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।